
পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ ব্যাংক তিনটি সমস্যা গ্রস্ত ব্যাংকের সম্পদের মান যাচাই (অ্যাসেট কোয়ালিটি রিভিউ বা একিউআর) কার্যক্রম শুরু করেছে। নতুন যুক্ত ব্যাংকগুলো হলো—আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং এবি ব্যাংক।
বৈশ্বিক নিরীক্ষা প্রতিষ্ঠান ডেলয়েটকে এই কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। ২০ আগস্ট ডেলয়েটের একটি দল বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করে কার্যক্রমের উদ্বোধন করে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রক্রিয়ার মাধ্যমে বোঝা যাবে ব্যাংকগুলোকে একীভূত, অধিগ্রহণ বা পুনর্গঠন করতে হবে কি না। একিউআরের মাধ্যমে ব্যাংকের প্রকৃত খেলাপি ঋণ, প্রভিশন ঘাটতি, মূলধন ঘাটতি এবং আমানত-ঋণের অবস্থা স্পষ্ট হবে।
গত জুলাইয়ে দ্বিতীয় ধাপে আরও ১১টি ব্যাংকের একিউআর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যার অর্থায়ন করছে বিশ্বব্যাংক। এর মধ্যে আইএফআইসি, এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংকসহ আরও কয়েকটি ব্যাংক রয়েছে।
এর আগে আর্নেস্ট অ্যান্ড ইয়াং ও কেপিএমজি ছয়টি ব্যাংকের একিউআর সম্পন্ন করেছিল। সেখানে দেখা যায়, খেলাপি ঋণ আগের তুলনায় চারগুণ বেশি।
শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের পরিকল্পনাও প্রাথমিকভাবে নেওয়া হয়েছে। এর জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে, যার মধ্যে ২০ হাজার কোটি টাকা মূলধন হিসেবে সরকারের কাছে চাওয়া হবে। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ও আমানত বীমা তহবিল থেকে ঋণ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ ব্যাংক শিগগিরই সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে এই ব্যাংকগুলোর ভবিষ্যৎ।



