
পর্যটন সংবাদ ডেস্ক: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেটকার উল্টে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শ্রীনগর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাওয়া থেকে ঢাকামুখী একটি প্রাইভেটকার দ্রুতগতিতে চলছিল। পথে গাড়িটির চাকা হঠাৎ পাংচার হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত দুইজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অপরজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।
হাসারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।



