
পর্যটন সংবাদ ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজার ভয়াবহ বন্যার কবলে পড়েছে। এখন পর্যন্ত অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন অর্ধলক্ষাধিক মানুষ। দেশটির সিভিল প্রটেকশন অধিদপ্তর জানিয়েছে, চলমান বন্যায় বাস্তুচ্যুত হয়েছেন ৫৬ হাজারেরও বেশি মানুষ।
তাদের তথ্য অনুযায়ী, দেশের ৩৩৯টি মহল্লা ও গ্রামে মোট ৭ হাজার ৭৫৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মধ্যে ৩০ জন ঘরবাড়ি ধসে এবং আরও ১৭ জন পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭০ জন, মারা গেছে ২৫৭টি গবাদিপশু।
জাতীয় বন্যা প্রতিরোধ কমিটি জানিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে ৩ হাজার ৭৭৬টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকার ১ হাজার ২০০ কোটি সিএফএ ফ্রাঁ (প্রায় ২১ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করেছে।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে আফ্রিকা মহাদেশে বৃষ্টিপাতের ধরণ দ্রুত পাল্টে যাচ্ছে। ফলে এ অঞ্চলে বন্যার প্রভাব দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। শুধু গত বছরেই নাইজারের আটটি অঞ্চলে টানা বর্ষণে প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।
নাইজারের এই বন্যা আবারও মনে করিয়ে দিচ্ছে, আফ্রিকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতা এখন জরুরি।



