
পর্যটন সংবাদ ডেস্ক: বেসিক ব্যাংকের সঙ্গে ভবন নির্মাণ ও ফ্লোর স্পেস হস্তান্তর চুক্তি ভঙ্গ করে প্রায় ৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী সিংকু আকরামুজ্জামানের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৮ আগস্ট) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. শিহাব সালাম শিগগিরই চার্জশিট আদালতে দাখিল করবেন।
দুদক সূত্রে জানা গেছে, ২০২১ সালের নভেম্বর মাসে চুক্তিভঙ্গের অভিযোগে সিংকু আকরামুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, মেসার্স বিজনেস রিসোর্সেস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে তিনি বেসিক ব্যাংক পিএলসির সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি করেন। ওই চুক্তির আওতায় ৫১ হাজার ৫০০ বর্গফুট ফ্লোর স্পেস (আনুপাতিক ভূমি ও গাড়ি পার্কিংসহ) ৮০ কোটি টাকায় ব্যাংকটির কাছে বিক্রির প্রতিশ্রুতি দেন।
চুক্তি অনুযায়ী বেসিক ব্যাংক ৮০ কোটি টাকার মধ্যে ৭৫ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯২ টাকা ৬৬ পয়সা পরিশোধ করে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ভবন নির্মাণ শেষ না করায় ব্যাংকের কাছে ফ্লোর স্পেস হস্তান্তর করা হয়নি।
এ ঘটনায় সিংকু আকরামুজ্জামানের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ও ৪২০ ধারায় চার্জশিট অনুমোদন করেছে দুদক।



