
পর্যটন সংবাদ ডেস্ক: সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সারোয়ার আলম। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতে ভেজালবিরোধী অভিযান ও দায়িত্বশীল কর্মকাণ্ডের জন্য আলোচনায় এসেছিলেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সারোয়ার আলম বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ২০০৮ সালে ২৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেন।
কিশোরগঞ্জে জন্ম নেওয়া সারোয়ার আলম প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন স্থানীয় ইসমাইল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে পাকুন্দিয়া পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন প্রথম বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে ২০০৫ সালে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।
২০০৯ সালে তিনি চট্টগ্রামের সানজিদা শারমিন লিন্ডাকে বিয়ে করেন। তাদের চার কন্যা সন্তান রয়েছে— মাহরিন সামারা, নাজিফা সাফরিন, তানহা ও মানহা।
পর্যটন নগরী সিলেটে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সারোয়ার আলম। তার দায়িত্ব গ্রহণে সিলেটের প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি উন্নয়ন ও পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।



