
সিলেটের সাদাপাথর: লুটের ক্ষত পেরিয়ে পর্যটকের ভিড়
সিলেটের সীমান্তঘেঁষা সাদাপাথর কয়েক দিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু। লুটেরা চক্রের হাতে শত কোটি টাকার পাথর হারিয়ে ধু-ধু বালুভূমিতে পরিণত হলেও থেমে নেই পর্যটকের যাতায়াত। সাম্প্রতিক সরকারি ছুটির দুই দিনে বিপুলসংখ্যক মানুষ সাদাপাথরে ভিড় জমিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, শুক্রবার ও শনিবার পাথর বিছানো ধলাই নদীর স্বচ্ছ জলে নেমে উচ্ছ্বাস করেছেন ভ্রমণপিপাসুরা। কেউ ছবি তুলেছেন, কেউ আবার ক্ষোভ প্রকাশ করেছেন পাথর লুটের ঘটনায়। অনেকেই বলেছেন, সাদাপাথরের সৌন্দর্য লুণ্ঠনের পরও পুরোপুরি শেষ হয়ে যায়নি। বরং প্রকৃতিকে ঘিরে এই অপরূপ দৃশ্য মানুষকে টেনে আনছে বারবার।
পাথর উদ্ধারের পাশাপাশি স্থানীয় প্রশাসন জব্দ পাথর প্রতিস্থাপনের কাজও চালিয়ে যাচ্ছে। নৌকায় করে এনে শ্রমিকরা ফেলছেন পাথর, আর পুরো প্রক্রিয়া তদারকি করছে স্কাউট কর্মীরা। এতে আস্থা ফিরে পাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরাও।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সিলেটের (টোয়াস) আহ্বায়ক হুমায়ূন কবীর লিটন বলেন, সাদাপাথরের ক্ষতি অপূরণীয়। প্রতিস্থাপনের মাধ্যমে তা পূরণ করা সম্ভব নয়। তবে ভবিষ্যতে অন্য পর্যটন কেন্দ্রগুলো রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই আরও সচেতন হতে হবে।
পর্যটক ও স্থানীয়দের দাবি, সাদাপাথরসহ দেশের সব পর্যটন স্পট রক্ষায় কঠোর নজরদারি নিশ্চিত করা এখন জরুরি। প্রাকৃতিক সৌন্দর্য বাঁচাতে সবার সম্মিলিত উদ্যোগ ছাড়া বিকল্প নেই।



