পর্যটন সংবাদ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে আজ রোববার (১৭ আগস্ট)। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ ও বিভাগে একযোগে পাঠদান কার্যক্রম শুরু হয়।
নতুন শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বস্তিকর পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন র্যাগিংবিরোধী কঠোর নির্দেশনা জারি করেছে। প্রক্টর দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, র্যাগিং আইনত দণ্ডনীয় অপরাধ এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী কাজ। ক্যাম্পাসে কাউকে র্যাগিং করা বা এতে প্ররোচিত করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবর রহমান বলেন, “প্রথম বর্ষের শিক্ষার্থীদের আমরা স্বাগত জানাই। তবে স্পষ্ট করে বলতে চাই, র্যাগিং কোনোভাবেই সহ্য করা হবে না। সবার সহযোগিতায় আমরা একটি সৌহার্দ্যপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখবো।”
ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আমিরুল ইসলাম জানান, “আমরা সব আসন পূর্ণ করে একসঙ্গে প্রথম বর্ষের ক্লাস শুরু করেছি, যাতে শিক্ষার্থীরা সমান সুযোগে পড়াশোনা করতে পারে। তথাকথিত আনন্দের নামে র্যাগিং শিক্ষার্থীদের মেধা ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। রাবিতে আমরা এমন পরিবেশ বজায় রাখতে চাই যেখানে শিক্ষার্থীরা নিশ্চিন্তে পড়াশোনা করতে পারবে।”
রাবি প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন নবীন শিক্ষার্থীরাও। তাদের প্রত্যাশা, পড়াশোনার পাশাপাশি একটি নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশ্ববিদ্যালয় জীবন শুরু করতে পারবেন তারা।



