১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৭০ জন নিহত, দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে ২৫১

পর্যটন সংবাদ ডেস্ক:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় একদিনে আরও অন্তত ৭০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৬ জন ছিলেন মানবিক সহায়তার সন্ধানে যাওয়া সাধারণ মানুষ।

শনিবার (১৬ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তাসংস্থা আনাদোলু এ তথ্য জানায়।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৮৯৭ জনে। আহত হয়েছেন এক লাখ ৫৫ হাজারের বেশি মানুষ। শুধু গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন ৩৮৫ জন।

এছাড়া খাদ্য সংকট ও দুর্ভিক্ষে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত একদিনেই অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন শিশু। এ নিয়ে দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫১ জনে, এর মধ্যে ১০৮ জন শিশু।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অবিরাম বিমান হামলার কারণে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সীমিত সরঞ্জামের কারণে অনেক মৃতদেহ ধ্বংসস্তূপে বা রাস্তায় পড়ে থাকছে।

শুধু যুদ্ধ নয়, মানবিক সহায়তা সংগ্রহে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ধরনের ঘটনায় ২৬ জন নিহত ও ১৭৫ জন আহত হয়েছেন। মে মাস থেকে এ পর্যন্ত ত্রাণের সন্ধানে গিয়ে প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

গাজায় অবরোধ, দুর্ভিক্ষ ও যুদ্ধ পরিস্থিতি এখন আন্তর্জাতিক আদালতের নজরেও রয়েছে। ইতোমধ্যে যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে বিচারের মুখোমুখি হয়েছে দেশটি।

২৪ লাখ মানুষের এই জনপদে চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয় গাজাকে ক্রমেই বসবাসের অযোগ্য করে তুলছে।

Read Previous

ঢাকার বেশ কয়েকটি এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ

Read Next

রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু, র‌্যাগিংবিরোধী কঠোর নির্দেশনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular