
পর্যটন সংবাদ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
পাথর লুটপাটের ঘটনার বিরুদ্ধে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) মহা-পরিচালক (যুগ্ম সচিব) আনোয়ারুল হাবিব কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত প্রায় ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে ধলাই নদীর তীরবর্তী সাদাপাথর এলাকা থেকে পাথর চুরি চলছিল। বিশেষ করে শেষ দুই সপ্তাহে কোটি কোটি টাকার পাথর লুটপাট করা হয়েছে। এই পরিস্থিতিতে জেলা প্রশাসন ১৪ আগস্ট মধ্যরাত থেকে বিশেষ অভিযান শুরু করে। অভিযান চলাকালীন প্রায় ১ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে এবং তা পুনরায় ধলাই নদীতে প্রতিস্থাপন করা হচ্ছে।
এ ঘটনায় ভোলাগঞ্জ সাদাপাথর কেন্দ্রের পর্যটক ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পর্যটন কেন্দ্রের সুরক্ষা আরও শক্তিশালী করা হবে এবং পাথর লুটপাট প্রতিরোধে নজরদারি জোরদার করা হবে।



