
পর্যটন সংবাদ ডেস্ক: চট্টগ্রাম শহরের বাকলিয়া এক্সেস রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঝুটের গুদাম থেকে শুরু হওয়া এই আগুন মুহূর্তেই পাশের একটি প্লাস্টিক কারখানা ও আশপাশের কয়েকটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা।
ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার (১৫ আগস্ট) রাত ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে চট্টগ্রামের চারটি স্টেশন থেকে ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর রাত ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে সম্পূর্ণ নির্বাপণে সময় লেগে যায় আরও কিছুটা।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সেস রোডের মুখে আহাদ কনভেনশন হলের পাশে প্রথমে একটি ঝুটের গুদামে আগুন লাগে। সেখান থেকে দ্রুত প্লাস্টিক কারখানা এবং বসতবাড়িতে ছড়িয়ে পড়ে আগুন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান বলেন, “পর্যাপ্ত পানি না থাকায় আমাদের বেগ পেতে হয়েছে। পাশাপাশি কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে। তবুও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখন নির্বাপণের কাজ চলছে।”
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এর সূত্রপাতের কারণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।



