
পর্যটন সংবাদ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে মাছবোঝাই একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। দুর্ঘটনাটি লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া ফরেস্ট রেঞ্জ অফিস সংলগ্ন এলাকায় ঘটে।
নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাঁও সদর ইউনিয়নের কানিয়াছড়া গ্রামের জিহাদ (১৯) ও জালালাবাদ ইউনিয়নের পালাকাটা গ্রামের রাকিব ইসলাম (২০)। নিহতদের বন্ধু ইউসুফ জানান, তারা ছয় বন্ধু মিলে তিনটি মোটরসাইকেল নিয়ে রাঙ্গামাটির সাজেক যাচ্ছিল। জিহাদ ও রাকিব একই বাইকে ছিলেন। রাতের সেই সময় হঠাৎ পেছন থেকে আসা পিকআপ তাদের চাপা দেয়।
দুর্ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়া দুজনকে দ্রুত স্থানীয় সিএনজি অটোরিকশায় হাসপাতালে নেওয়া হয়। তবে লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শহিদুল ইসলাম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে।
পার্বত্য বান্দরবান জেলার লামা থানার আজিজনগর পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ আহমেদ মোর্শেদের নেতৃত্বে পুলিশের একটি দল চাম্বি বাজার থেকে মাছবোঝাই পিকআপের চালক মো. আমির উদ্দীন (২৪) ও সহকারী জয়নাল আবেদিন জোবাইর (২০)-কে আটক করেছে। পিকআপটিও জব্দ করা হয়েছে।
আজিজনগর পুলিশ জানিয়েছে, যেহেতু দুর্ঘটনাটি দোহাজারী হাইওয়ের আওতাধীন এলাকায় ঘটেছে, তাই আটক দুজন ও পিকআপটি দোহাজারী হাইওয়ে থানায় সোপর্দ করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।



