
পর্যটন সংবাদ ডেস্ক: দেশের জ্বালানি পরিবহনে বড় পরিবর্তন আসছে। ইতিহাসে প্রথমবার চট্টগ্রাম থেকে ঢাকায় সরাসরি পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আসবে। আগামী শনিবার (১৬ আগস্ট) পতেঙ্গার ডেসপাস টার্মিনাল থেকে নারায়ণগঞ্জের গোদনাইল ডিপো পর্যন্ত এই পরিবহন ব্যবস্থা উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।
২০১৮ সালে নেয়া এই প্রকল্পের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং পরীক্ষামূলক অপারেশনও সফল হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পাইপলাইনের মাধ্যমে বছরে প্রায় ২৩৬ কোটি টাকা সাশ্রয় হবে, পাশাপাশি পরিবহন ব্যয়, সময় ও তেল অপচয়ও কমবে।
উদ্বোধনের পর নদীপথে অয়েল ট্যাংকারের পরিবর্তে সরাসরি পাইপলাইনে নারায়ণগঞ্জ ও কুমিল্লা ডিপোতে ডিজেল পৌঁছাবে। আগে শতাধিক কোস্টাল ট্যাংকারে ৪৮ ঘণ্টা সময় লাগত, এখন মাত্র ১২ ঘণ্টায় তেল পৌঁছাবে। খারাপ আবহাওয়ার কারণে নৌপথে তেল পরিবহন ব্যাহত হওয়ার যে ঝুঁকি ছিল, পাইপলাইন সে সমস্যাও সমাধান করবে।
২৪২ কিলোমিটার দীর্ঘ এই ভূগর্ভস্থ পাইপলাইনের ব্যাস ১৬ ইঞ্চি। প্রতি ঘণ্টায় ২৬০-২৮০ টন ডিজেল সরবরাহ করা যাবে নারায়ণগঞ্জের গোদনাইল ডিপোতে, যা ভবিষ্যতে ৩২০ টনে উন্নীত করা সম্ভব। চট্টগ্রামের পতেঙ্গা থেকে ফেনী, কুমিল্লা, চাঁদপুর, মুন্সিগঞ্জ হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত বিস্তৃত এই লাইনে ৯টি স্টেশন ও ২২টি নদীর তলদেশ অতিক্রম করা হয়েছে।
প্রকল্পের মাধ্যমে বছরে ৫০ লাখ টন জ্বালানি সরবরাহ সম্ভব হবে। খরচ সাশ্রয়, সিস্টেম লস কমানো এবং পরিবেশ সুরক্ষার পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকায় বাস্তবায়িত এই প্রকল্প থেকে বছরে ৩২৬ কোটি টাকা আয় হওয়ার আশা করা হচ্ছে।
প্রকল্প পরিচালক মো. আমিনুল হক জানিয়েছেন, সব স্থাপনা ও ডিপো প্রস্তুত রয়েছে। ফেব্রুয়ারিতে পরীক্ষামূলকভাবে প্রায় পাঁচ কোটি লিটার ডিজেল সরবরাহ করা হয়, কোনো সিস্টেম লস ছাড়াই। কারিগরি ত্রুটিগুলো সমাধান করায় এখন পুরোপুরি উদ্বোধনের জন্য প্রস্তুত এই পাইপলাইন।



