পর্যটন সংবাদ ডেস্ক : সম্প্রতি ইসরায়েলের গাজা দখল নিয়ে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলোকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে কঠোর প্রতিবাদ জানিয়েছে তুরস্ক। শনিবার (৯ আগস্ট) রাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এক ভিডিও বিবৃতিতে বলেন, তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে।
টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানা গেছে, এরদোয়ান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক ফোনালাপে গাজায় ইসরায়েলের হামলা ও সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এই আলোচনায় তিনি পুনর্ব্যক্ত করেন, তুরস্ক ফিলিস্তিনের পক্ষে থেকে আন্তর্জাতিক মঞ্চে তাদের অধিকার ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে।
এরদোয়ান আরও বলেন, ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির সম্ভাব্য ঘোষণাকে তিনি মূল্যবান হিসেবে দেখেন। তিনি উল্লেখ করেন, পশ্চিমা বিশ্বে ইসরায়েলবিরোধী সমালোচনা বেড়ে চলেছে এবং শান্তির পথে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা জোরদার হবে।
বিশ্ব রাজনীতির উত্তাল মুহূর্তে তুরস্কের এই দৃঢ় অবস্থান ফিলিস্তিনে এবং আন্তর্জাতিক মহলে নতুন মাত্রা যোগ করেছে। পাশাপাশি শান্তি ও স্থিতিশীলতার প্রত্যাশায় থাকা সাধারণ মানুষের কাছে এটি এক আশার আলো বলে মনে করা হচ্ছে।



