১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ নারী দলের গোল উৎসব, পূর্ব তিমুরকে ৮-০ ব্যবধানে হার

পর্যটন সংবাদ ডেস্ক: অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশের মেয়েরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার লাওসের রাজধানী ভিয়েনতিয়েনের লাও ন্যাশনাল স্টেডিয়ামে পূর্ব তিমুরকে ৮-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় আফঈদারা। ২০ মিনিটে স্বপ্না রানীর কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন সিনহা জাহান শিখা। ৩২ মিনিটে শান্তি মার্ডি কর্নার থেকে সরাসরি অসাধারণ এক ‘অলিম্পিক গোল’ করেন। ৩৬ মিনিটে শান্তির কর্নার থেকে গোল করেন নবিরন খাতুন।

প্রথমার্ধের শেষ মিনিটে তৃষ্ণা রানীর গোলে ৪-০ ব্যবধানে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও গোলের ধারা অব্যাহত রাখে তারা। ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তৃষ্ণা। ৭৩ মিনিটে একক প্রচেষ্টায় সাগরিকা চমৎকার গোল করেন। ৮৩ মিনিটে সাগরিকার পাসে হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা রানী। শেষ মুহূর্তে স্কোর ৮-০ করেন মুনকি আক্তার।

টানা দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এইচ’-এর শীর্ষে আছে বাংলাদেশ। ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ম্যাচে নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপের ভাগ্য। গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি উঠবে এএফসি অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপ ২০২৬-এর মূলপর্বে, আর রানার্সআপ দল সেরা তিনের মধ্যে থাকলে খেলবে থাইল্যান্ডে অনুষ্ঠেয় মূলপর্বে।

প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশের মেয়েরা। এবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্যে প্রস্তুত তারা।

Read Previous

সুদানে আমিরাতের বিমান লক্ষ্য করে সেনাবাহিনীর বোমা হামলা, নিহত অন্তত ৪০

Read Next

বাংলাদেশি পর্যটকদের জন্য মঙ্গোলিয়ার ভিসা পাওয়ার নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular