পর্যটন সংবাদ ডেস্ক: ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আগামী রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বোর্ডের আওতাধীন যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন, তারা নির্ধারিত সময় থেকে ফলাফল দেখতে পারবেন। ফলাফল পাওয়া যাবে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd)। শিক্ষার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে নিজের রোল নম্বর দিয়ে ফলাফল জানতে পারবেন।
এর আগে পুনঃনিরীক্ষার আবেদন ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত গ্রহণ করা হয়। টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে আবেদন করা হয়। এ বছর রেকর্ডসংখ্যক ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার পুনঃমূল্যায়নের আবেদন করেছেন, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি। আবেদনকারী বেড়েছে প্রায় ২১ হাজার এবং চ্যালেঞ্জ হওয়া খাতার সংখ্যা বেড়েছে প্রায় ৪০ হাজার।
বোর্ড সূত্র জানায়, সর্বাধিক আবেদন পড়েছে গণিত বিষয়ে—৪২ হাজার ৯৩৬টি। এরপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ১৯ হাজার ৬৮৮টি করে, পদার্থবিজ্ঞানে ১৬ হাজার ২৩৩টি এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ১৩ হাজার ৫৫৮টি খাতার পুনঃমূল্যায়নের আবেদন হয়েছে। সবচেয়ে কম আবেদন এসেছে চারু ও কারুকলা বিষয়ে, মাত্র ৬টি।
উল্লেখ্য, পুনঃনিরীক্ষণ মানে খাতা নতুন করে মূল্যায়ন নয়। এই প্রক্রিয়ায় নম্বর যোগ-বিয়োগে কোনো ভুল হয়েছে কি না, কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কি না, ওএমআর শিটে নম্বর সঠিকভাবে উঠেছে কি না—এসব বিষয় যাচাই করা হয় এবং প্রয়োজনে সংশোধন করা হয়।
এদিকে, শিক্ষা বোর্ডগুলোর সর্বশেষ তথ্য অনুযায়ী, সারাদেশের ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।



