পর্যটন সংবাদ প্রতিবেদক: বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে এ শুল্ক হার নির্ধারণ করা হয়েছে, যা শুক্রবার (১ আগস্ট) থেকে কার্যকর হচ্ছে। ফলে বর্তমানে বিদ্যমান গড় ১৫ শতাংশ শুল্কসহ মোট ৩৫ শতাংশ শুল্ক দিয়ে বাংলাদেশি পণ্য রপ্তানি করতে হবে যুক্তরাষ্ট্রে।
এই আদেশটি বৃহস্পতিবার স্থানীয় সময় হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। শুধু বাংলাদেশ নয়, এই তালিকায় রয়েছে পাকিস্তান (১৯%), আফগানিস্তান (১৫%), ভারত (২৫%), ব্রাজিল (১০%), ইন্দোনেশিয়া (১৯%), মালয়েশিয়া (১৯%), মিয়ানমার (৪০%), ফিলিপাইন (১৯%), শ্রীলঙ্কা (২০%) এবং ভিয়েতনাম (২০%)।
এর আগে চলতি বছরের ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির অজুহাতে বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করা হয়। তখন বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছিল। তবে ৯ এপ্রিল তা তিন মাসের জন্য স্থগিত করা হয় এবং আলোচনার জন্য সময় দেওয়া হয় ৩১ জুলাই পর্যন্ত।
এই সময়ের মধ্যেই বাংলাদেশ একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে পাঠায়। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। দলে আরও ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। তিন দিনব্যাপী বৈঠকে তারা যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে শুল্ক কমানোর বিষয়ে আলোচনা করেন।
এছাড়া ৯ জুলাইয়ের আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে জানান, ৩৭ শতাংশ থেকে শুল্ক কমিয়ে ৩৫ শতাংশ করা হবে। এরপর গতকাল নতুন নির্বাহী আদেশে শুল্ক আরও ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়, যা গড় শুল্কসহ দাঁড়ায় ৩৫ শতাংশে।
বাংলাদেশের পোশাক, তৈরি পোশাক ও হস্তশিল্প খাতের জন্য এই শুল্ক একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনার পথ এখনো খোলা রয়েছে এবং বাণিজ্য চুক্তির মাধ্যমে সমাধানে পৌঁছাতে উদ্যোগ অব্যাহত থাকবে।



