স্ত্রীকে অনৈতিক প্রস্তাব, বরিশাল আরআরএফের এএসপি আফজাল বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

পর্যটন সংবাদ | বরিশাল: বরিশাল রিজার্ভ পুলিশ ফোর্সে (আরআরএফ) কর্মরত এক কনস্টেবলের স্ত্রীকে অনৈতিক প্রস্তাব এবং অর্থের প্রলোভন দিয়ে বিয়ের আশ্বাস দেওয়ার অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আফজাল হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

বুধবার (৩০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, এএসপি আফজালের বিরুদ্ধে আনীত অভিযোগ গুরুতর এবং তা শৃঙ্খলা ও নৈতিকতার চরম লঙ্ঘন।

প্রজ্ঞাপন অনুযায়ী, পারিবারিক বিরোধে জড়ানো এক কনস্টেবলের স্ত্রী বরিশাল আরআরএফের কমান্ড্যান্টের কাছে মৌখিক অভিযোগ জানাতে গেলে সেখানে তার সঙ্গে দেখা হয় এএসপি আফজালের। এরপর বিভিন্ন সময়ে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তাকে বিরক্ত করেন তিনি। শুধু তাই নয়, স্বামী থাকা অবস্থায়ই ওই নারীকে অনৈতিক প্রস্তাব দেন এবং অর্থের লোভ দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেন আফজাল হোসেন।

এএসপি আফজালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ভুক্তভোগী নারীকে তার স্বামীর বিরুদ্ধে মামলা করার কু-পরামর্শ দেন এবং সংসার ভাঙার চেষ্টা করেন। এমনকি কনস্টেবলের তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীকেও উসকানি দিয়ে মামলা ও অভিযোগ দায়েরের প্ররোচনা দেন তিনি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার এমন অপেশাদার ও অসদাচরণমূলক আচরণ বাহিনীর ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ন করেছে। এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় ২১ জুলাই ২০২৫ থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন এএসপি আফজাল হোসেন সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

Read Previous

শাহজালাল বিমানবন্দরে তবুও সেই ‘মাছ বাজারের’ চিত্র

Read Next

বরিশালের শাতলা গ্রাম—বেলাফুলের রাজ্যে এক স্বপ্নিল ভ্রমণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular