
পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশের পুঁজিবাজারে নতুন এক মাইলফলক স্থাপন করল বেসরকারি খাতের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক। বাজার মূলধনে (মার্কেট ক্যাপিটালাইজেশন) এক বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এমন অর্জনে পৌঁছেছে কোনো দেশীয় ব্যাংক।
ব্যাংকটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সাফল্য প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি আর্থিক সক্ষমতা, করপোরেট সুশাসন এবং দেশি–বিদেশি বিনিয়োগকারীদের কাছে আস্থার প্রতিফলন।
বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ব্লু-চিপ ক্যাটাগরির আওতায় থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দর ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত ২১ জুলাই ব্যাংকটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়ায় ৬৩ টাকা ৭০ পয়সা। অভিহিত মূল্য ছিল ১০ টাকা।
ব্র্যাক ব্যাংকের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান নিচে তুলে ধরা হলো:
- অনুমোদিত মূলধন: ৫ হাজার কোটি টাকা
- পরিশোধিত মূলধন: ১ হাজার ৯৯১ কোটি টাকা
- তালিকাভুক্ত শেয়ার: ১৯৯ কোটি
- পরিচালনা ও স্পন্সরদের শেয়ার: ৪৬.১৭%
- বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার: ৩৩.৭৯%
- স্থানীয় প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার যথাক্রমে ১৩.২৮% ও ৬.৭৬%
ব্র্যাক ব্যাংকের চলতি দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন,
“বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যাংক হিসেবে এক বিলিয়ন মার্কিন ডলার বাজারমূলধনের মাইলফলক অতিক্রম করতে পারা আমাদের জন্য গর্বের। এই অর্জন আমাদের শেয়ারহোল্ডার ও গ্রাহকদের প্রতি দায়বদ্ধতার প্রমাণ।”
তিনি আরও বলেন,
“আমরা টেকসই প্রবৃদ্ধি, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা ও শেয়ারহোল্ডারদের দীর্ঘমেয়াদি ভ্যালু নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
২০০১ সালে যাত্রা শুরু করা ব্র্যাক ব্যাংক বর্তমানে সারাদেশে বিস্তৃত তাদের কার্যক্রম পরিচালনা করছে—
- ১৯১টি শাখা
- ৯৪টি উপশাখা
- ৩৩০টি এটিএম
- ৪৪৬টি এসএমই ইউনিট অফিস
- ১,১২১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট
- ৮,০০০+ জনবল
- ১৮ লাখেরও বেশি গ্রাহক



