পর্যটন সংবাদ ডেস্ক: ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচেই চমক দেখাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। জিম্বাবুয়ের রাজধানী হারারেতে অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে ১ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। এই জয়ের নায়ক অলরাউন্ডার সামিউন বশির, যিনি একাই তুলে নেন দুর্দান্ত এক জয়।
মাত্র ১২৮ রানের লক্ষ্য তাড়ায় ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তখন ক্রিজে নামেন সামিউন। এক প্রান্তে একের পর এক উইকেট পতন হলেও দৃঢ়তা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে অপর প্রান্ত আঁকড়ে ধরেন এই বাঁহাতি অলরাউন্ডার। শেষ পর্যন্ত ৩৯ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৫ রানে অপরাজিত থেকে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে।

ম্যাচের শেষদিকে নাটকীয় উত্তেজনা ছড়ায়। ২৭ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১০৯/৯, হাতে মাত্র এক উইকেট। তখনও জয় থেকে দূরে দল। তবে সেই মুহূর্তে ঘুরে দাঁড়ান সামিউন। ২৮তম ওভারে দুটি বাউন্ডারি মেরে জয়ের পথ সহজ করেন। এরপর ২৯তম ওভারে চার-ছক্কায় স্কোর সমান করে পরের বলেই কাভারে ঠেলা একটি সিঙ্গেল নিয়ে স্বাধীন ইসলামকে সঙ্গে নিয়ে জয়ের উল্লাসে মাতে বাংলাদেশ দল।
এর আগে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপকে ৩৪.৪ ওভারে মাত্র ১২৮ রানে গুটিয়ে দেন বাংলাদেশের বোলাররা। পেসার আল ফাহাদ ৪ উইকেট এবং সামিউন বশির বাঁহাতি স্পিনে ২ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং ভাঙনের সূচনা করেন। দুর্দান্ত এই বোলিং পারফরম্যান্সেই মূলত জয়ের ভিত গড়ে ওঠে।

এই সিরিজে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক জিম্বাবুয়ে দল একে অপরের সঙ্গে তিনবার করে খেলবে। লিগ পর্ব শেষে শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে।
ত্রিদেশীয় এই যুব সিরিজে শুরুটা রোমাঞ্চকর জয় দিয়ে করে ভবিষ্যতের সম্ভাবনাময় ক্রিকেটারদের কাছ থেকে আশার আলো দেখিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
প্রতিবেদন: পর্যটন সংবাদ ক্রীড়া ডেস্ক



