২০/০৪/২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গুয়ার হাওর নিয়ে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি দায়ের

পর্যটন সংবাদ ডেস্ক: সুনামগঞ্জের রূপসী টাঙ্গুয়ার হাওর নিয়ে ফেসবুকে আপত্তিকর ভিডিও ছড়িয়ে অপপ্রচারের অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের খলাপাড়া গ্রামের পরিবেশকর্মী নাজমুল হক (২৫) এ অভিযোগ করেন। তিনি ধর্মপাশা থানায় লিখিতভাবে বিষয়টি জানান।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, “টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম প্রাকৃতিক পর্যটন কেন্দ্র। এখানে প্রতিবছর হাজারো পর্যটক ভিড় করেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। এ হাওরকে নিয়ে সম্প্রতি একটি নেতিবাচক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়েছে, যেখানে আপত্তিকর মন্তব্য রয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

জিডিতে বলা হয়, তাহিরপুর ও মধ্যনগর উপজেলার সীমানায় অবস্থিত টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম জীববৈচিত্র্যসমৃদ্ধ এলাকা। হাওরকে ঘিরে ধর্মপাশা, মধ্যনগর ও তাহিরপুর উপজেলায় স্থানীয় মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন ঘটছে। কিন্তু ১০ জুলাই বেলা ১১টার দিকে ‘Mohammad Iqbal’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত ১ মিনিট ৩১ সেকেন্ডের একটি ভিডিওতে হাওরে ভ্রমণে আসা পর্যটকদের পায়খানা-প্রস্রাব বিষয়ক কিছু নেতিবাচক মন্তব্য করে হাওরভ্রমণে নিরুৎসাহিত করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ায় হাওরের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে জিডিতে অভিযোগ করা হয়।

অভিযোগকারী নাজমুল হক জানান, “এই ধরনের অপপ্রচার টাঙ্গুয়ার হাওরের পর্যটন সম্ভাবনায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। পর্যটক কমে গেলে স্থানীয় মানুষের আয় ও জীবিকা হুমকির মুখে পড়বে। আমি একজন সচেতন নাগরিক হিসেবে বিষয়টি গুরুত্ব দিয়ে থানায় জিডি করেছি।”

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মধ্যনগরের গলইখালী গ্রামের সংস্কৃতিকর্মী অসীম সরকার বলেন, “টাঙ্গুয়ার হাওর শুধু আমাদের সম্পদ নয়, এটি জাতীয় পর্যটন গৌরব। কোনো ব্যক্তি যদি এর বিরুদ্ধে অসত্য ও নোংরা প্রচারণা চালায়, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”

উল্লেখ্য, টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের দ্বিতীয় রামসার ঘোষিত জলাভূমি। এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের আধার নয়, বরং বিপন্ন জীববৈচিত্র্য ও পরিযায়ী পাখিদের অন্যতম আশ্রয়স্থল। পর্যটনের পাশাপাশি এটি পরিবেশগত গুরুত্বও বহন করে।

Read Previous

ব্রুনাই: প্রাকৃতিক সৌন্দর্য ও ইসলামি ঐতিহ্যের অপূর্ব মিলনস্থল

Read Next

রাজধানীর দ্য গার্ডেন কিচেনে জমকালো সীফুড ফেস্টিভাল ‘কোস্টাল কার্নিভাল’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular