
পর্যটন সংবাদ ডেস্ক : মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের তীব্রতা বাড়ায় আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরবে আটকে পড়েছেন হাজার হাজার বাংলাদেশি ওমরাহ যাত্রী। মক্কা ও মদিনায় অবস্থানরত এসব যাত্রী দেশে ফেরার অপেক্ষায় থেকেও চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মুখে পড়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে হামলার পর ইসরায়েলসহ ইরান, ইরাক, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো দেশগুলো তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর ফলে সৌদি আরব থেকে ঢাকামুখী ফ্লাইটগুলো স্থগিত হয়ে যায়। ইউএস-বাংলা এয়ারলাইনস, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইনসের অনেক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।
আটকে পড়া যাত্রীদের অনেকে নির্ধারিত সময়ে হোটেল ছেড়ে দিয়েছিলেন ফেরার আশায়। কিন্তু ফ্লাইট না চলায় নতুন করে কক্ষ পাওয়া যাচ্ছে না। হোটেল লবি, করিডর কিংবা খোলা জায়গায় অবস্থান করতে বাধ্য হচ্ছেন শিশু-বৃদ্ধসহ অনেকে। খাবার, ওষুধ ও নগদ টাকার সংকট দেখা দিয়েছে। অনেকের স্থানীয় মুদ্রা না থাকায় লেনদেনেও বিপাকে পড়েছেন।
এক যাত্রী মো. জাকির হোসেন বলেন, হোটেল ছেড়ে দেওয়ার পর ফ্লাইটের খবর না পেয়ে ফিরে এসেও রুম মিলছে না। প্রায় ৩০ জনের একটি দল খাবার ছাড়াই আটকে আছেন। আরেক যাত্রী নুরজাহান বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, বয়স্ক বাবা-মায়ের ওষুধ ফুরিয়ে এসেছে, দেশে ফিরতে না পারায় চরম উদ্বেগে রয়েছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে আপডেট নেওয়ার পরামর্শ দিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৩৬৩৬ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে এবং কয়েকটি গন্তব্যের ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে না আসতে বলেছে।
তবে সৌদিতে আটকে পড়া যাত্রীরা অভিযোগ করছেন, স্থানীয় এয়ারলাইনস প্রতিনিধিরা যথাযথ সহায়তা করছেন না। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদিতে বাংলাদেশ দূতাবাসের তাৎক্ষণিক উদ্যোগের অভাব নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দূতাবাসের উচিত হোটেল মালিকদের সঙ্গে আলোচনা করে অস্থায়ী আবাসন, ভিসা সম্প্রসারণ ও খাবারের ব্যবস্থা করা।
এদিকে ঢাকার বিমানবন্দরেও মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভিড় বাড়ছে। অনেকে ফ্লাইট স্থগিতের খবর না পেয়ে এসে পড়েছেন, যা আরও দুর্ভোগ সৃষ্টি করছে।
আকাশসীমা কবে খুলবে বা সংঘাত কবে থামবে—তার কোনো নিশ্চয়তা নেই। ফলে আটকে পড়া যাত্রীদের এই দুর্ভোগ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। সরকারকে বিশেষ উদ্যোগ নিতে হতে পারে বলে মনে করা হচ্ছে।



