স্বর্ণের দাম বেড়ে ইতিহাসে সর্বোচ্চ

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম। এবার ভরিতে বেড়েছে ৪,১৮৭ টাকা আর এই দামের ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩,২১৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার থেকেই কার্যকর হবে নতুন এ দাম ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬৩,২১৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৫,৭৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৩,৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১০,২৭১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হতে পারে তারতম্য।

এর আগে, সবশেষ গত ১০ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। যা ১১ এপ্রিল থেকে কার্যকর হয়। সে সময় ভরিতে ২,৪০৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৯,০২৭ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫১,৭৯৫, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩০,১১২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭,৩৪৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন এই দাম কার্যকরের মাত্র একদিন পরই ফের আবার বাড়ানো হলো স্বর্ণের দাম।

এ নিয়ে এই বছর ২০ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ১৫ বার, আর কমেছে মাত্র ৫ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

স্বর্ণের দাম বাড়ানো হলেও বাজারে অপরিবর্তিত আছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২,৫৭৮ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২,১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১,৫৮৬ টাকায়।

Read Previous

ফুল ভাসিয়ে শুরু হলো বিজু উৎসব

Read Next

ঢাকায় পহেলা বৈশাখ ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular