
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সৌদি আরব সরকারের নতুন স্বাস্থ্যবিধির আলোকে এই নির্দেশনা দেয় তারা। টিকার এই নির্দেশনা কার্যকর হবে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে।
গতকাল সোমবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম দেশের সব এয়ারলাইনস ও বিমানবন্দর সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনার বিষয়ে চিঠি দিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, যারা ওমরাহ বা হজ করতে যাবেন অথবা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন, তাঁদের সবার জন্যই এ নিয়ম প্রযোজ্য হবে। সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় সেই টিকা নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে। এতে আরো বলা হয়, এক বছরের নিচের শিশুদের এই টিকা নেওয়া বাধ্যতামূলক নয়।
কেউ যদি গত তিন বছরের মধ্যে টিকা নিয়ে থাকেন, তাহলে তাঁকে সৌদি প্রবেশে নতুন করে টিকা দিতে হবে না। এর আগে ১০ ফেব্রুয়ারি থেকে এ নিয়ম বাস্তবায়নের জন্য সৌদি আরবের সিভিল এভিয়েশন দপ্তর এরই মধ্যে সব এয়ারলাইনসকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে।



