সৌদি আরব ও মালয়েশিয়া যেতে বিমান ভাড়ায় ছাড় পাবেন কর্মীরা

আকাশপথে সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের ভাড়ায় বিশেষ ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ‘ওয়ার্কার ফেয়ার’ নামে এ সুবিধা চার মাস চলবে। তবে নতুন কর্মী ভিসা ও ওয়ানওয়ে (একক যাত্রা) টিকিটে এ সুবিধা মিলবে। 

গতকাল মঙ্গলবার ট্রাভেল এজেন্টদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এসব তথ্য জানিয়েছে।

ই-মেইলে বিমান ট্রাভেল এজেন্টদের বলেছে, ওয়ার্কার ফেয়ারের আওতায় ঢাকা থেকে সৌদি আরবের ভিত্তি ভাড়া (কর বাদে) ৩৬০, ঢাকা থেকে কুয়ালালামপুরের ১৫০ ও ঢাকা ছাড়া অন্য কোনো জায়গা থেকে কুয়ালালামপুরের ভিত্তি ভাড়া হবে ১৭৫ ডলার।

সূত্র জানায়, নতুন ভাড়ায় ঢাকা-কুয়ালালামপুর রুটে একক যাত্রায় টিকিটের দাম পড়বে ২৮ হাজার ১৭৮ টাকা এবং ঢাকা-জেদ্দা, রিয়াদ, দাম্মাম রুটে ৫৪ হাজার ৫৪ টাকা। বর্তমানে ট্রাভেল এজেন্টদের কাছে ঢাকা থেকে সৌদি আরবের ভিত্তি ভাড়া ৪০০ থেকে ৪৮০ এবং মালয়েশিয়ার জন্য ৩০০ থেকে ৩৫০ ডলার নেওয়া হয়।

বিমান কর্তৃপক্ষ বলেছে, ১০ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এ সুবিধা দেওয়া হচ্ছে। সুবিধা পেতে যাত্রীকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ক্লিয়ারেন্স কার্ড বা সত্যায়িত ভিসা প্রয়োজন হবে। ওমরাহ ভিসা, ফ্যামিলি ভিজিট বা রেসিডেন্স ভিসাধারীরা বিশেষ এ ভাড়া সুবিধা পাবেন না। আবার টিকিট স্বেচ্ছায় পরিবর্তন, রিফান্ড চার্জ ও অন্যান্য শর্তাবলি ভাড়া পরিচালনার নিয়ম অনুযায়ী হবে। ভাড়া যে কোনো সময় পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই পরিবর্তন হতে পারে।

আটাব মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ জানান, সৌদি আরব ও মালয়েশিয়াগামী নতুন শ্রমিকদের জন্য বিমান ভাড়া কমাতে তারা দীর্ঘদিন দাবি করে আসছিলেন। মঙ্গলবার বিমান চিঠি পাঠিয়ে সেই দাবিতে সাড়া দিয়েছে। ফলে এখন থেকে নতুন শ্রমিকরা কম খরচে দেশ দুটিতে যেতে পারবেন।

Read Previous

বায়ুদূষণে আজ সপ্তম অবস্থানে ঢাকা

Read Next

সাগরের মাঝে এক টুকরো স্বর্গ নিঝুম দ্বীপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular