
পর্যটন সংবাদ ডেস্ক: সৌদি আরবের কর্তৃপক্ষ এক সপ্তাহে বাসস্থান, কর্মক্ষেত্র ও সীমান্ত নিরাপত্তা সম্পর্কিত আইন লঙ্ঘনের জন্য ২০ হাজার ৩১৯ জন বিদেশিকে গ্রেপ্তার করেছে। শনিবার (৩০ আগস্ট) সৌদি প্রেস এজেন্সি এই তথ্য প্রকাশ করেছে।
সরকারি প্রতিবেদনে দেখা গেছে, আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে ১২ হাজার ৮৯১ জন, অবৈধ সীমান্ত অতিক্রমের চেষ্টা করার জন্য ৩ হাজার ৮৮৮ জন, এবং শ্রম-সংক্রান্ত নিয়ম ভঙ্গের কারণে ৩ হাজার ৫৪০ জন গ্রেপ্তার হয়েছে।
অবৈধভাবে প্রবেশের চেষ্টা করা ১ হাজার ২৩৮ জনের মধ্যে প্রায় অর্ধেক ইয়েমেনি এবং অর্ধেক ইথিওপিয়ান, বাকিরা বিভিন্ন দেশের নাগরিক। এছাড়া, সৌদি থেকে প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের চেষ্টা করার সময় আরও ২২ জন এবং আইন ভঙ্গকারীদের পরিবহন বা আশ্রয় দেওয়ার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ অবৈধ প্রবেশে সাহায্য করলে, তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১ মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা, এবং যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্তের ব্যবস্থা করা হবে।
এ ধরনের কঠোর পদক্ষেপের মাধ্যমে সৌদি আরব সীমান্ত ও শ্রম আইন কার্যকর রাখতে সচেষ্ট রয়েছে।



