পর্যটন সংবাদ ডেস্ক: সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর একসময় ছিল অনন্য সৌন্দর্যের প্রতীক। কিন্তু পাথরখেকোদের অবৈধ তাণ্ডবে এখন সেই সৌন্দর্য ম্লান হয়ে গেছে। পর্যটকদের প্রিয় এই স্পটে পাথরের দেখা মিলছে না বললেই চলে।
এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। মঙ্গলবার ফেসবুকে স্ত্রীসহ সাদা পাথরে তোলা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “সিলেটের সাদা পাথর নেই তো, হারাবে সিলেটের সৌন্দর্যের গল্প। সাদা পাথর লুটেদের থামাও। প্রকৃতি লুট নয়, প্রকৃতি রক্ষা করুন।”

গত দুই সপ্তাহে পাথর লুটেরাদের নির্বিচার কর্মকাণ্ডে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের এই পর্যটনকেন্দ্র ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিগুলোতে নষ্ট হয়ে যাওয়া প্রকৃতির চিত্রে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সাধারণ মানুষ, পরিবেশবিদ ও পর্যটকরা।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় চলছে এ লুটপাট। বিএনপি ও যুবদলের কয়েকজন নেতার বিরুদ্ধে সরাসরি অভিযোগ উঠেছে, যদিও সংশ্লিষ্টদের সাংগঠনিক পদ স্থগিত করেছে দলটি। অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।
পরিবেশবিদরা সতর্ক করে বলছেন, এভাবে চলতে থাকলে সাদা পাথর পর্যটন স্পটটি হারিয়ে যেতে পারে মানচিত্র থেকে। এতে শুধু প্রাকৃতিক ঐতিহ্যই নয়, সরকারেরও বড় অঙ্কের রাজস্ব ক্ষতি হবে।
বাংলাদেশের হয়ে ১০৪টি ওয়ানডে, ২৭টি টেস্ট ও ২৮টি টি-টোয়েন্টি খেলা রুবেল হোসেন ২০২১ সালের ১ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন। তারপর থেকে জাতীয় দলে আর সুযোগ পাননি তিনি, তবে দেশের প্রকৃতি ও পর্যটন রক্ষার পক্ষে সোচ্চার রয়েছেন।



