
পর্যটন সংবাদ ডেস্ক : বিগত কয়েক মাস ধরে উচ্চ দামে অবস্থান করা সবজির বাজারে অবশেষে কিছুটা স্বস্তি ফিরেছে। আগে যেখানে বেশিরভাগ সবজি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে বিক্রি হতো, এখন তা কমে দাঁড়িয়েছে ৫০ থেকে ৮০ টাকার ঘরে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর খিলগাঁও, মিরপুর ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির দামে এ পরিবর্তন স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
বিক্রেতারা জানিয়েছেন, মাঠে নতুন সবজি উঠতে শুরু করায় সরবরাহ বেড়েছে। শীতের শুরুতে আরও নতুন সবজি আসলে দাম আরও কমে আসবে বলে আশা করছেন তারা।
আজকের বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৭৫ টাকায়, ঢেঁড়শ ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ঝিঙে ৬০ টাকা, ধন্দুল ৫০ টাকা এবং গোল বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া, পটল প্রতি কেজি ৬০ টাকা, শিম ৯০ থেকে ১০০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৩০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি (ছোট) ৫০ টাকা করে, মূলা প্রতি পিস ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, কচু ৫০ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর ১০০ টাকা এবং আলু ২০ টাকায় বিক্রি হচ্ছে।
নিউমার্কেটের সবজি বিক্রেতা জাহিদ হোসেন বলেন, “গত মাসে সবজির দাম অনেক বেশি ছিল, এখন কিছুটা কমেছে। নতুন সবজি বাজারে আসায় সরবরাহ বেড়েছে। শীত পুরোপুরি শুরু হলে দাম আরও কমে আসবে বলে মনে হচ্ছে।”
ক্রেতারাও বলছেন, কয়েক সপ্তাহ আগের তুলনায় দাম কিছুটা সহনীয় হয়েছে। তবে টমেটো, কাঁচামরিচ ও গাজরের দাম এখনও তুলনামূলক বেশি।
বাজার বিশ্লেষকরা বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে নভেম্বর নাগাদ সবজির বাজার আরও স্থিতিশীল হবে।



