১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় ৪০ দেশের পর্যটকদের জন্য ভিসা ফি মওকুফ: পর্যটন খাতে চাঙ্গাভাবের প্রত্যাশা

পর্যটন সংবাদ ডেস্ক : বিশ্বব্যাপী পর্যটক আকর্ষণে নতুন উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা। সম্প্রতি দেশটি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও ভারতসহ বিশ্বের ৪০টি দেশের পর্যটকদের জন্য ভিসা ফি মওকুফের ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে এসব দেশের নাগরিকরা এখন শ্রীলঙ্কায় ভ্রমণে অতিরিক্ত ভিসা খরচ ছাড়াই প্রবেশ করতে পারবেন, যা পর্যটন খাতে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানান, সরকারের এই পদক্ষেপে সাময়িকভাবে রাজস্ব ক্ষতি হতে পারে, তবে পর্যটকের সংখ্যা বাড়লে সেই ক্ষতি পুষিয়ে যাবে। তিনি বলেন, “আমরা আমাদের অর্থনীতিকে সচল রাখতে এবং পর্যটন খাতকে আরও গতিশীল করতে এই সিদ্ধান্ত নিয়েছি।”

এর আগে ২০২৩ সাল থেকে ভারত, চীন, রাশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও জাপানের নাগরিকদের জন্য ৩০ দিনের পর্যটন ভিসা বিনামূল্যে প্রদান করা হচ্ছিল। পরীক্ষামূলকভাবে চালু করা সেই ছয় মাসের পাইলট প্রকল্পটি সফলভাবে পরিচালনার পর এবার আরও ৩৩টি দেশকে তালিকাভুক্ত করা হয়েছে। নতুন তালিকায় রয়েছে কানাডা, জার্মানি, সৌদি আরব, অস্ট্রেলিয়া, ইরান, পাকিস্তানসহ অন্যান্য দেশ।

সাধারণত দক্ষিণ এশিয়ার বাইরে থেকে শ্রীলঙ্কা ভ্রমণ করতে গেলে একজন পর্যটককে ৫০-৬০ মার্কিন ডলার পর্যন্ত ভিসা ফি দিতে হতো। কিন্তু নতুন নীতিমালার আওতায় এই খরচ একেবারে শূন্য হয়ে যাবে, যা ভ্রমণপিপাসুদের জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালে শ্রীলঙ্কা ৩০ লাখ পর্যটক আকর্ষণের মাধ্যমে প্রায় ৫ বিলিয়ন ডলার আয় করতে চায়। ২০২৪ সালে দেশটিতে এসেছিল ২০ লাখ ৫০ হাজারের বেশি পর্যটক এবং আয় হয়েছিল ৩ বিলিয়ন ডলার। পর্যটক আগমনের দিক থেকে ভারত শীর্ষে রয়েছে, এরপর রয়েছে যুক্তরাজ্য ও রাশিয়া।

পর্যটকদের দৃষ্টি আকর্ষণে শ্রীলঙ্কা মার্চ মাসে একটি বিশেষ প্রচারণা চালায়, যেখানে ১২ জন আন্তর্জাতিক ভ্রমণ ব্লগারকে আমন্ত্রণ জানানো হয়। তারা শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী স্থান, প্রকৃতি ও সংস্কৃতি তুলে ধরেন নিজ নিজ মাধ্যমে।

চলতি বছর জুলাই পর্যন্ত দেশটিতে ভ্রমণ করেছেন প্রায় ১৩ লাখ পর্যটক, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ বেশি। তবে জুলাইয়ে ক্যান্ডির বিখ্যাত এসালা পেরাহেরা উৎসব উপলক্ষে প্রত্যাশিত ২ লাখ ৭৭ হাজার পর্যটকের পরিবর্তে মাত্র ১ লাখ ৪৫ হাজার পর্যটক এসেছিল।

নতুন ভিসা নীতির মাধ্যমে শ্রীলঙ্কা পর্যটনশিল্পে পুনর্জাগরণ ঘটাবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল। পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট হোটেল, রেস্তোরাঁ ও পরিবহন খাতও এই সিদ্ধান্তের সুফল পাবে বলে ধারণা করা হচ্ছে।

Read Previous

বাংলাদেশের আর্থিক খাতে সাইবার হামলার আশঙ্কা, বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারি

Read Next

রোম বিমানবন্দরে পচনশীল খাদ্য থেকে দুর্গন্ধ, বিলম্বিত হলো বাংলাদেশ বিমানের ফ্লাইট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular