শিক্ষকদের জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাব ঘেরাও, তোপখানা রোডে যান চলাচল বন্ধ

পর্যটন সংবাদ ডেস্ক: এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সারাদেশ থেকে আসা হাজারো শিক্ষক-কর্মচারী জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। এতে তোপখানা রোডের দুই দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে সচিবালয়ের মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত শিক্ষকরা সড়কে অবস্থান নেন। ফলে প্রেস ক্লাবসংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় বিকল্প পথে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আন্দোলনের আয়োজন করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট

সিলেটের কানাইঘাট থেকে আসা শিক্ষক আলী রহমান বলেন, “বারবার আশ্বাস নিয়ে ফিরে গেছি। এবার আর আশ্বাসে কাজ হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানেই থাকব।”

জোটের পক্ষ থেকে জানানো হয়, ২০১৮ সালের আন্দোলনের পর সরকার ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতা চালু করেছিল এবং জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তা এখনো বাস্তবায়ন হয়নি। এ বছরের ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া লাগাতার কর্মসূচির মধ্যেই বাজেটে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেওয়া হলেও প্রজ্ঞাপন জারি হয়নি।

জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই দাবিগুলো জানিয়ে আসছি। শিক্ষকদের জাতীয়করণ কেবল আমাদের ন্যায্য অধিকার নয়, এটি দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য অপরিহার্য। এবারও দাবি পূরণ না হলে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব।”

আন্দোলনকারীরা প্রেস ক্লাব থেকে সচিবালয় পর্যন্ত পদযাত্রারও হুঁশিয়ারি দিয়েছেন। তারা চান সরকার অবিলম্বে প্রজ্ঞাপন জারি করে জাতীয়করণের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুক।

Read Previous

ঢাকায় বিদেশি বিনিয়োগকারী সম্মেলন: পুঁজিবাজারে সম্ভাবনার দিগন্ত

Read Next

উপকূলীয় লঘুচাপ: বাংলাদেশে পাঁচ দিনের ভারী বর্ষণের সম্ভাবনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular