শাহবাগে আজ শিক্ষক-কর্মচারীদের অবরোধ, কর্মবিরতি তৃতীয় দিনে

পর্যটন সংবাদ ডেস্ক : বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ তৃতীয় দিনে পৌঁছেছে। দাবি আদায়ে আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষক নেতারা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দেয়া এক বিবৃতিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “বুধবার দুপুর ১২টায় শাহবাগ ব্লকেড পালন করা হবে। সারা দেশের শিক্ষক-কর্মচারীরা দলে দলে যোগ দিন। বিজয় আমাদের সুনিশ্চিত।”

এর আগে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকরা। তারা জানান, সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় আন্দোলনের পরিধি ধাপে ধাপে বিস্তৃত করা হচ্ছে।

শিক্ষক নেতাদের অভিযোগ, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং শিক্ষা জাতীয়করণের দাবি দীর্ঘদিন ধরে তুলে ধরলেও সরকার কোনো ইতিবাচক উদ্যোগ নেয়নি। তাই বাধ্য হয়েই তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন।

বর্তমানে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করছেন শতাধিক শিক্ষক। তারা জানিয়েছেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে প্রবেশ করা হবে না। সারা দেশের বিদ্যালয়গুলোতে শিক্ষকরা উপস্থিত থাকলেও শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে আঙিনা ও লাউঞ্জে অবস্থান কর্মসূচি পালন করছেন।

উল্লেখ্য, রোববার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকে পাঠদান বন্ধ রেখে সোমবার (১৩ অক্টোবর) থেকে শুরু হয় অনির্দিষ্টকালের কর্মবিরতি।

শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন ও শিক্ষা জাতীয়করণের সুনির্দিষ্ট রূপরেখা না পাওয়া পর্যন্ত আন্দোলন আরও তীব্র করা হবে।

Read Previous

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি, বৃহস্পতিবার হতে পারে অপারেশন

Read Next

টেকনাফ জেটি ঘাট ও বাহাড়ছড়া: যেখানে সমুদ্র আর আকাশ মিশে যায় এক সরল রেখায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular