শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনের আগুন নিয়ন্ত্রণে, তদন্তের প্রস্তুতি ফায়ার সার্ভিসের

পর্যটন সংবাদ ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রাত সোয়া ৯টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, ভেতরে ছোট ছোট খোপ বা ঘর থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে এবং কাজের গতি বাধাগ্রস্ত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) রাতে ঘটনাস্থলে ব্রিফিংয়ে তিনি বলেন, আগুনের সূত্রপাত এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুন এখন নিয়ন্ত্রণে, চলছে চূড়ান্ত নির্বাপণ কার্যক্রম। তিনি জানান, আগুন পুরোপুরি নেভানো না পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা অবস্থান করবেন।

আগুন নেভাতে কাজ করেছে ৪৫০ জন সদস্য

ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর মোট ৪৫০ সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই। তবে ফায়ার সার্ভিসের দুই সদস্য ও বিমানবাহিনীর উইং কমান্ডার মুনতাসীরসহ মোট ২৮ জন আহত হয়েছেন। আহতদের সিএমএইচ ও কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাতাস ও কার্গোর গঠন জটিল করেছে পরিস্থিতি

ফায়ার সার্ভিসের ডিজি জানান, ভেতরে খুপরি আকারে সেকশন ভাগ করা থাকায় এবং বাতাসের বেগ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কিছু নীল রঙের ড্রাম দেখা গেছে, তবে সেগুলোতে কেমিক্যাল ছিল কিনা তা নিশ্চিত করতে তদন্ত শুরু হবে।

ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ, পরে স্বাভাবিক

অগ্নিকাণ্ডের পর দেশের প্রধান বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িক বন্ধ করে দেয়া হয়। ঢাকায় অবতরণ করতে না পেরে এক ডজনের বেশি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে চলে যায়। রাত ৯টার পর ধীরে ধীরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।

আমদানিকারকদের ক্ষতির আশঙ্কা

কার্গো সেকশনটি মূলত ইলেকট্রনিকস, পচনশীল পণ্য ও হালকা ওজনের যন্ত্রাংশ সংরক্ষণের স্থান হিসেবে ব্যবহৃত হয়। আগুনে এসব আমদানি পণ্যের বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এখনো ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি, তবে সংশ্লিষ্টরা বলছেন বিপুল আর্থিক ক্ষতি হতে পারে।

তদন্ত ও আন্তর্জাতিক মান যাচাই হবে

ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বলেন, “আগুনের উৎস, নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়েছিল কিনা সবকিছু যাচাই করা হবে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।”

Read Previous

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড: দ্রুত ফ্লাইট চালুর আশ্বাস উপদেষ্টা বশির উদ্দিনের

Read Next

অনলাইন ট্রাভেল এজেন্সির প্রতারণা থামছেই না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular