
পর্যটন সংবাদ ডেস্ক: শারদীয় দুর্গাপূজায় মদ ও গাঁজার কোনো আসর বসানো হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ২৪ ঘণ্টা পূজামণ্ডপ পর্যবেক্ষণে থাকবে এবং সারাদেশে পর্যাপ্ত আনসার নিয়োগ দেওয়া হবে।
উপদেষ্টা বলেন, পূজা উপলক্ষে আশপাশে যে মেলার আয়োজন হয় সেখানে মদ ও গাঁজার আসর বসানো হয়, এবার তা হবে না। সীমান্ত এলাকায় পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হবে বিজিবিকে। ঢাকায় প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট লাইন অনুসরণ করতে হবে, যাতে ধারাবাহিকতা বজায় থাকে।
দেশব্যাপী প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে এবার নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, পূজা আয়োজন কমিটি কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেনি এবং গতবারের মতো এবারও শান্তিপূর্ণভাবে উদযাপন হবে।
পর্যটকদের জন্য এটি আরও শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপনের সুযোগ তৈরি করছে। পর্যটকরা নিরাপদে মণ্ডপ ঘুরে, স্থানীয় সংস্কৃতি ও খাবারের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।



