
ছবি : সংগৃহীত
পর্যটন সংবাদ ডেস্ক : শইনরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর তার পরিচালিত ইনকিলাব কালচারাল সেন্টারের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার ১৩ ডিসেম্বর সন্ধ্যার পর সেন্টারটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একাধিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ইনকিলাব কালচারাল সেন্টারে কোনো সাংস্কৃতিক, রাজনৈতিক বা সাংগঠনিক আয়োজন অনুষ্ঠিত হবে না।
প্রথম ঘোষণায় বলা হয়, উদ্ভূত পরিস্থিতির কারণে সেন্টারের কার্যক্রম স্থগিত রাখা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। এতে স্পষ্ট করা হয়, এই সময়ের মধ্যে ইনকিলাব কালচারাল সেন্টার সম্পূর্ণ বন্ধ থাকবে। এর কিছু সময় পর একই পেজে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়।
বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে ইনকিলাব কালচারাল সেন্টার একটি অত্যন্ত সংকটজনক সময় অতিক্রম করছে। গুলিবিদ্ধ হওয়ার পর শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় সেন্টারের ভলান্টিয়ার ও ম্যানেজমেন্ট টিমের সদস্যরা হাসপাতালে অবস্থান করছেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। এই বাস্তবতায় সেন্টারের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না বলে কর্তৃপক্ষ জানায়।
এই প্রেক্ষাপটে আগামী এক সপ্তাহের জন্য ইনকিলাব কালচারাল সেন্টারের সব কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ের মধ্যে সেন্টারের পক্ষ থেকে কোনো নিয়মিত আয়োজন, সভা বা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না। কর্তৃপক্ষ সবার কাছে দোয়া কামনা করে জানিয়েছে, ইনশাআল্লাহ খুব দ্রুত এই সংকট কাটিয়ে উঠে আবারও নিয়মিত কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
ইনকিলাব কালচারাল সেন্টার জুলাই গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠা একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। রাজধানীর বাংলামোটর এলাকায় অবস্থিত এই সেন্টারে নিয়মিতভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজনৈতিক আলোচনা, তরুণদের মতবিনিময় সভা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়ে আসছিল। অল্প সময়ের মধ্যেই এটি একটি সক্রিয় ও আলোচিত প্ল্যাটফর্মে পরিণত হয়।
এই সেন্টারের প্রধান উদ্যোক্তা ও পরিচালক শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই সংগঠনটির কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, হাদির নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণ ইনকিলাব কালচারাল সেন্টারের অন্যতম শক্তি ছিল।
বর্তমানে শরিফ ওসমান হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে বলে জানা গেছে। চিকিৎসকরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এই খবরে সাংস্কৃতিক অঙ্গন ও রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ও সেন্টার বন্ধের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই হাদির দ্রুত সুস্থতা কামনা করছেন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম কবে নাগাদ পুনরায় শুরু হবে, সে বিষয়ে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।



