
পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ ও যেকোনো ধরনের গণজমায়েতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা সম্পূর্ণ নিষিদ্ধ।
ডিএমপি আরও জানায়, বিভিন্ন দাবি-দাওয়া বা প্রতিবাদের নামে হঠাৎ করে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ করা হলো।
এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকাসহ রাজধানীর আরও কয়েকটি স্থানে একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল ডিএমপি।



