
পর্যটন সংবাদ ডেস্ক: রাঙামাটির পর্যটনবান্ধব এলাকা হিসেবে পরিচিত মানিকছড়ি ও সাপছড়ি ইউনিয়নে পাহাড়ি ঢলে অন্তত ৩৫টি বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত একটানা ভারী বৃষ্টি হয়েছে। এতে মানিকছড়ি ছড়ার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। এ ছাড়া উজান থেকে নেমে আসে প্রচণ্ড পাহাড়ি ঢল। ফলে মানিকছড়ি, বোধিপুর, মধ্যমপাড়া ও খামারপাড়াসহ আশপাশের এলাকা প্লাবিত হয়। এসব গ্রামের অন্তত ৩০ থেকে ৩৫টি কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি পানিতে ডুবে যায়।
দুপুরের পর বৃষ্টি কমে গেলে পানির স্তর নামতে শুরু করে এবং বিকেলের দিকে ঘরবাড়ি থেকে পানি সরে যায়। তবে পেছনে ফেলে গেছে পুরু কাদার স্তর। স্থানীয় বাসিন্দারা বাড়িঘরের মেঝে থেকে পলি ও কাদা সরাতে হিমশিম খাচ্ছেন।
মধ্যমপাড়ার বাসিন্দা অলোক চাকমা ও নিহার কুমার চাকমা বলেন, “সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কাদা সরাতেই সময় গেছে। ঘরের অবস্থা খুবই করুণ।”
সাপছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীণ চাকমা বলেন, “মানিকছড়ি ছড়াটি পলি জমে ভরাট হয়ে গেছে। এ কারণে অল্প বৃষ্টিতেই তীরবর্তী এলাকাগুলো প্লাবিত হয়। কয়েক বছর ধরে এই সমস্যা হচ্ছে। ছড়া খনন না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।”
প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ি নদী-নালার জন্য পরিচিত এই এলাকা বর্ষাকালে পর্যটকদের জন্য আকর্ষণীয় হলেও, এমন দুর্যোগের কারণে ভ্রমণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয়দের দাবি, ছড়া খনন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ছাড়া পর্যটন সম্ভাবনাও ক্ষতির মুখে পড়বে।



