যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন: এখন থেকে ই-ভিসা, স্টিকার নয়

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসার আবেদন প্রক্রিয়ায় এসেছে বড় পরিবর্তন। গত ১৫ জুলাই ২০২৫ থেকে চালু হয়েছে সম্পূর্ণ ডিজিটাল ই-ভিসা ব্যবস্থা। ফলে এখন থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা পাওয়া শিক্ষার্থীদের আর পাসপোর্টে কোনো ভিসার স্টিকার বা ভিনিয়েট লাগানো হবে না।

যুক্তরাজ্যের হোম অফিস জানায়, এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো ভিসা যাচাই ও প্রবেশাধিকার প্রক্রিয়াকে আরও সহজ, নিরাপদ এবং প্রযুক্তিনির্ভর করা। ই-ভিসা হবে একটি নিরাপদ ডিজিটাল অ্যাকাউন্টভিত্তিক সিস্টেম, যা যেকোনো স্থান থেকে যেকোনো সময় ব্যবহার ও হালনাগাদ করা যাবে।

স্টিকার ভিসা কে পাবেন?

তবে সব আবেদনকারী ই-ভিসা পাবেন না। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, কেবলমাত্র কিছু নির্দিষ্ট আবেদনকারী যেমন শিক্ষার্থীদের নির্ভরশীল স্বামী/স্ত্রী কিংবা সন্তানদের জন্য এখনও ভিনিয়েট স্টিকার ভিসা দেওয়া হতে পারে।

ভবিষ্যতের রূপরেখা

ইতোমধ্যে বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট (BRP) বাতিল করে ই-ভিসা চালু করেছে যুক্তরাজ্য। ভবিষ্যতে বায়োমেট্রিক রেসিডেন্স কার্ড (BRC) এবং পাসপোর্টে সিল বা স্টিকার ব্যবস্থাও ধাপে ধাপে বন্ধ করে সম্পূর্ণরূপে ই-ভিসার আওতায় আনা হবে।

বাংলাদেশি শিক্ষার্থীদের করণীয়

যেসব শিক্ষার্থী ভিসা পেয়েছেন, তাঁদের নিম্নলিখিত নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে:

  • একটি UKVI (UK Visas and Immigration) অ্যাকাউন্ট খুলতে হবে এবং ভ্রমণের জন্য ব্যবহৃত পাসপোর্ট সেখানে যুক্ত করতে হবে।
  • নিশ্চিত হতে হবে ই-ভিসা সঠিকভাবে ইস্যু হয়েছে এবং অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে।
  • ই-ভিসা অনুমোদনের চিঠির একটি কপি (প্রিন্ট বা ডিজিটাল) সঙ্গে রাখতে হবে, বিমানবন্দর ও ইমিগ্রেশন চেকপয়েন্টে প্রদর্শনের জন্য।
  • নতুন পাসপোর্ট ইস্যু করলে, তা অবিলম্বে ইউকেভিআই অ্যাকাউন্টে আপডেট করতে হবে।

এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাজ্য ভিসা প্রক্রিয়াকে আরও দ্রুত, পরিবেশবান্ধব ও ঝামেলাবিহীন করতে চায়, যা ভবিষ্যতের পর্যটন ও উচ্চশিক্ষা–উভয়ের জন্যই একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: ইকোনমিক টাইমস

Read Previous

বাংলাদেশি পর্যটকশূন্য কলকাতা: বিপর্যস্ত নিউ মার্কেট ও ফ্রি স্কুল স্ট্রিটের অর্থনীতি

Read Next

শেখ হাসিনার শাসন নিয়ে ড. আসিফ নজরুলের তীব্র সমালোচনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular