
পর্যটন সংবাদ ডেস্ক: মালয়েশিয়া সরকার বিদেশি শ্রমিক নিয়োগে নতুন করে ভিসার সর্বোচ্চ সীমা ঘোষণা করেছে। দেশটির মোট শ্রমশক্তির ১৫ শতাংশ হিসেবে এ সীমা নির্ধারণ করা হয়েছে ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জনে। আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই ভিসা উন্মুক্ত থাকবে। মঙ্গলবার (১৯ আগস্ট) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রী জানান, বিদেশি শ্রমিক নিয়োগ ব্যবস্থাপনায় এবার থেকে কোটার অনুমোদন দেওয়া হবে কেবল কেস-টু-কেস ভিত্তিতে। এটি শুধুমাত্র ৩টি খাত ও ১০টি উপখাতের জন্য প্রযোজ্য হবে। আবেদন করতে পারবে শুধু খাতভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলো। পূর্বের মতো কোনো স্বতন্ত্র এজেন্ট বা নিয়োগকর্তা সরাসরি আবেদন করতে পারবে না।
আবেদন যাচাই-বাছাই শেষে অনুমোদন দেবে ফরেন ওয়ার্কার্স টেকনিকাল কমিটি এবং পরবর্তীতে জয়েন্ট কমিটি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ২০২৬ সাল থেকে মালয়েশিয়ার ত্রয়োদশ পরিকল্পনা (আরএমকে–১৩) অনুসারে বিদেশি শ্রমিকের সর্বোচ্চ সীমা কমিয়ে মোট জনসংখ্যার ১০ শতাংশ নির্ধারণ করা হবে।
এছাড়া বৈঠকে বিশেষ পাস (পিএলকেএস) অপব্যবহারকারী নিয়োগকর্তা ও বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে নির্মাণ খাতের ১ হাজার ৬৪৬ জন বিদেশি শ্রমিককে বৈধ নথি না থাকার কারণে মামলার মুখোমুখি হতে হয়েছে।
নতুন এই সিদ্ধান্তে মালয়েশিয়ায় কর্মসংস্থানপ্রত্যাশী বিদেশিদের জন্য প্রক্রিয়াটি আরও নিয়ন্ত্রিত ও কঠোর হলো।



