
পর্যটন সংবাদ ডেস্ক : মালদ্বীপের ভাভু অ্যাটলে গভীর প্রবাল গুহায় স্কুবা ডাইভিং করতে গিয়ে পাঁচজন ইতালীয় পর্যটকের মৃত্যু হয়েছে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির নিরাপত্তা বাহিনী এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে, তবে প্রতিকূল আবহাওয়ার কারণে বাকি চারজনের মরদেহ উদ্ধারে অনুসন্ধান কার্যক্রম শুক্রবার থেকে স্থগিত রাখা হয়েছে।
ধারণা করা হচ্ছে, প্রায় ৫০-৬০ মিটার গভীরতার একটি গুহা অন্বেষণের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে জেনোয়া বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক জীববিজ্ঞানের অধ্যাপক মনিকা মন্টেফালকোনি, তার মেয়ে জর্জিয়া সোমাকাল এবং দুই তরুণ গবেষক মুরিয়েল ওডেনিনো ও ফেদেরিকো গুয়ালতিয়েরি রয়েছেন।
মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, বাকি চার ইতালীয় নাগরিকের সন্ধান করা তাঁদের সর্বোচ্চ অগ্রাধিকার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে, ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ডিউক অফ ইয়র্ক’ জাহাজে থাকা আরও ২০ জন ইতালীয় নাগরিক নিরাপদে আছেন। মালদ্বীপ জাতীয় প্রতিরক্ষা বাহিনী (এমএনডিএফ) বিমান ও স্পিডবোটসহ ব্যাপক তল্লাশি অভিযান চালালেও উত্তাল সমুদ্র বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
মালদ্বীপে ডাইভিং দুর্ঘটনা তুলনামূলকভাবে বিরল হলেও সাম্প্রতিক বছরগুলোতে কয়েকটি প্রাণঘাতী ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ছয় বছরে সামুদ্রিক দুর্ঘটনায় অন্তত ১১২ জন পর্যটকের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪২ জন ডাইভিং বা স্নরকেলিংয়ের সময় প্রাণ হারিয়েছেন।
সূত্র: সিএসবি/এপি


