
পর্যটন সংবাদ ডেস্ক: মুম্বাই সফরে শাহরুখ খানের সমুদ্রপাড়ের বিলাসবহুল বাড়ি ‘মান্নাত’ দেখা যেন অনেকের কাছে এক বিশেষ আকর্ষণ। প্রতিদিন শত শত ভক্ত দূর থেকে বাড়িটির ছবি তোলে, গেটে দাঁড়িয়ে কিং খানের জন্য অপেক্ষা করে। তবে এবার এক তরুণ ভক্ত সবার থেকে আলাদা কিছু করার চেষ্টা করে ফেললেন।
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শুভম প্রজাপতি মান্নাতে প্রবেশের জন্য নিলেন এক অভিনব কৌশল। তিনি নিজেই জোম্যাটো থেকে দুটি কোল্ড কফি অর্ডার দেন—একটি নিজের জন্য, অন্যটি শাহরুখ খানের নামে। এরপর আসল ডেলিভারি বয়ের কাছ থেকে কিছুটা বোঝাপড়ার মাধ্যমে ব্যাগটি নিয়ে নেন এবং কাঁধে ঝুলিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে মান্নাতের মূল গেটের দিকে এগিয়ে যান।
কিন্তু শাহরুখের বাড়ির কড়া নিরাপত্তা ব্যবস্থা সহজে কাউকে ভেতরে ঢুকতে দেয় না। গেটের প্রহরী প্রথমে তাকে পেছনের দরজার দিকে পাঠান। শুভম সেখানে গিয়েও প্রবেশের সুযোগ পাননি। প্রহরীরা অর্ডারকারীর সঙ্গে ফোনে যোগাযোগ করার অনুরোধ করলে কোনো উত্তর মেলেনি। তখনই পুরো ব্যাপারটি স্পষ্ট হয়ে যায়।
শেষ পর্যন্ত প্রহরীরাও মজা করে ঘটনাটি সামলে দেন। একজন প্রহরী হেসে বলেন, “শাহরুখ খান যদি সত্যিই কফি অর্ডার করতেন, তবে কফি কোম্পানির মালিকরাই এসে তার সামনে নাচতে শুরু করতেন।”
শুভম প্রজাপতি এই পুরো ঘটনাটি ভিডিও করে ইনস্টাগ্রামে শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে। ভক্তদের অনেকেই ঘটনাটিকে মজার কাণ্ড হিসেবে দেখছেন, তবে নিরাপত্তা নিয়ে সচেতন মহল বলছে, শাহরুখ খানের মতো তারকাদের বাড়ির পাহারায় আরও কঠোর নজরদারি জরুরি।
মুম্বাই ভ্রমণে গেলে মান্নাতের বাইরে দাঁড়িয়ে ছবি তোলা বা এক ঝলক দেখাই সম্ভব। ভেতরে প্রবেশ সাধারণ পর্যটক বা ভক্তদের জন্য অনুমোদিত নয়। তাই কিং খানের বাড়ির সৌন্দর্য উপভোগ করতে চাইলে সাগরতীর ধরে হাঁটলেই যথেষ্ট।



