
পর্যটন সংবাদ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
প্রসিকিউশন জানিয়েছে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার পর তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হবেন। এর আগে এদিনের শুরুতে অবশিষ্ট সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তার সাক্ষ্যগ্রহণ শেষে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন জেরা করবেন। এরপরই নেওয়া হবে নাহিদ ইসলামের সাক্ষ্য।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ চলে। তবে শেষ না হওয়ায় মঙ্গলবারের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এর আগে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এ মামলায় মোট ৪৬ জন সাক্ষী তাদের জবানবন্দি দিয়েছেন।
গত ২ সেপ্টেম্বর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। তিনি বলেন, গত বছরের জুলাই-আগস্টে শেখ হাসিনা ও কামালের নির্দেশে সারা দেশে হত্যাযজ্ঞ চালানো হয়। এজন্য তিনি ক্ষমাও চান এবং অজানা বহু তথ্য প্রকাশ করেন।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, এই মামলায় ইতোমধ্যে শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শী সাক্ষীদের বয়ানে গণহত্যার বীভৎস বিবরণ উঠে এসেছে। তারা শেখ হাসিনা ও কামালসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
গত ১০ জুলাই আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। পাঁচটি অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আনা ৮,৭৪৭ পৃষ্ঠার নথি জমা দিয়েছে প্রসিকিউশন। এতে তথ্যসূত্র, জব্দতালিকা, দালিলিক প্রমাণ ও শহীদ পরিবারের তালিকা অন্তর্ভুক্ত রয়েছে। এ মামলায় সাক্ষ্য দেবেন মোট ৮১ জন।



