১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্রমণকে সবুজ করার উদ্যোগ: ‘গো গ্রিন, গো বিয়ন্ড’ ক্যাম্পেইন শুরু করেছে টোয়াব ও মিশন গ্রিন বাংলাদেশ

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশের পর্যটন শিল্পে দায়িত্বশীল ও পরিবেশবান্ধব ভ্রমণকে উৎসাহিত করতে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এবং মিশন গ্রিন বাংলাদেশ (এমজিবি) যৌথভাবে ‘গো গ্রিন, গো বিয়ন্ড’ শীর্ষক ক্যাম্পেইন শুরু করেছে।

ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে, যেখানে টোয়াব ও টোয়াসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের অংশ হিসেবে দেশের প্রতিটি বিভাগের জনপ্রিয় পর্যটন কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি চালানো হবে। লক্ষ্য ভ্রমণকারী ও স্থানীয় জনগণকে সবুজ ও দায়িত্বশীল পর্যটনের প্রতি সচেতন করা।

টোয়াব সভাপতি মো. রাফেউজ্জামানবলেন, “পর্যটন ও টেকসই উন্নয়নকে আলাদা করে দেখা যায় না। ‘গো গ্রিন, গো বিয়ন্ড’ উদ্যোগের মাধ্যমে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই যে, বাংলাদেশের পর্যটন শিল্প প্রকৃতি সংরক্ষণের অঙ্গীকারে প্রতিশ্রুতিবদ্ধ।”

মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি বলেন, “দায়িত্বশীল পর্যটন এখন বিকল্প নয়, এটি অপরিহার্য। আমরা দেখাতে চাই যে উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ একসাথে সম্ভব। আশা করি এই উদ্যোগ ভ্রমণকারীদের সবুজ বাংলাদেশ গড়ার কাজে অনুপ্রাণিত করবে।”

এই ক্যাম্পেইন বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫-এর অংশ। মেলাটি আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মেলায় অংশ নেবে ২০টিরও বেশি দেশ, ২৫০-এর বেশি প্রদর্শক, এবং প্রায় ৫০,০০০ দর্শক। মেলায় থাকবে ইনবাউন্ড, আউটবাউন্ড, মেডিকেল ও অ্যাডভেঞ্চার পর্যটনের চারটি বিশেষায়িত হল।

টোয়াবের পরিচালক (ট্রেড অ্যান্ড ফেয়ার) তাসলিম আমিন (শোভন) বলেন, “বাংলাদেশের পর্যটনের ভবিষ্যৎ নির্ভর করছে প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের ভারসাম্যের উপর। এই উদ্যোগ শুধু গন্তব্য প্রদর্শন করবে না, বরং দেখাবে কীভাবে পর্যটন শিল্প একটি সবুজ ও আরও স্থিতিশীল বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিতে পারে।”

মেলায় পরিবেশবান্ধব পদক্ষেপও গ্রহণ করা হবে—প্লাস্টিক বর্জ্য কমানো থেকে শুরু করে টেকসই ভ্রমণ সমাধানকে উৎসাহিত করা হবে। বিস্তারিত জানতে ভিজিট করতে বলা হয়েছে https://fair.toab.services/book-your-space

Read Previous

পর্যটকদের জন্য সতর্কবার্তা: দেশে ভ্যাপসা গরমের সঙ্গে বৃষ্টির অস্থিরতা

Read Next

পর্যটনের শক্তিতে বাংলাদেশ: সৌন্দর্য থেকে অর্থনীতির পথে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular