
পর্যটন সংবাদ ডেস্ক: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মাত্র তিন দিনেই প্রায় দুই হাজার টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। দীর্ঘ চার মাস ২০ দিন বন্ধ থাকার পর ভারতীয় পেঁয়াজ আসতে শুরু করায় বাজারে এর প্রভাব স্পষ্টভাবে পড়েছে। সরবরাহ বাড়ায় দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি ৪ থেকে ৭ টাকা পর্যন্ত কমে গেছে।
সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারের পাইকারি ব্যবসায়ী আব্দুল আজিজ জানান, ভারতীয় পেঁয়াজ আসতেই দেশি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে কেজি প্রতি ৬৫ থেকে ৬৭ টাকায়, আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০ টাকায়। তিনি মনে করছেন, সরবরাহ বাড়তে থাকলে দাম আরও কমবে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ৭০টি ট্রাকে করে প্রায় দুই হাজার টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। নিয়মিত আমদানি অব্যাহত থাকলে বাজার দ্রুত স্থিতিশীল হবে।
রাজস্ব কর্মকর্তা মো. রাসেল আহম্মেদ জানান, মাত্র তিন দিনেই এত বিপুল পরিমাণ পেঁয়াজ আসায় বাজারে ইতোমধ্যে ইতিবাচক প্রভাব পড়েছে। সামনে সরবরাহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
এদিকে সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মাদ আবদুল্লাহ বলেন, বাজারে স্থিতিশীলতা আনতে প্রশাসন নিয়মিত মনিটরিং করছে এবং মোবাইল কোর্ট পরিচালনা করছে। তবে লক্ষ্য হচ্ছে যেন কৃষক ক্ষতিগ্রস্ত না হন। ইতোমধ্যেই কেজি প্রতি ৬ থেকে ৭ টাকা পর্যন্ত দাম কমেছে, সামনে আরও কমার সম্ভাবনা রয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, স্থানীয় উৎপাদন দেশের চাহিদা পুরোপুরি মেটাতে সক্ষম নয়। তাই প্রতিবছর ভারতের ওপর নির্ভর করতে হয়। ভোমরা বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় সরবরাহ বাড়ছে, দাম নিয়ন্ত্রণে আসছে এবং ভোক্তারা স্বস্তি পাচ্ছেন।



