
পর্যটন সংবাদ ডেস্ক: বর্ষা নামলেই প্রাণ ফিরে পায় গাজীপুর মহানগরের পূবাইল এলাকার নয়নাভিরাম জলাভূমি ‘বেলাই বিল’। ঢাকার নিকটবর্তী হওয়ায় এবং সহজ যাতায়াত ব্যবস্থার কারণে এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ‘ডে আউটিং’ প্রেমীদের কাছে। প্রকৃতির অপার সৌন্দর্য, রঙিন নৌকা, দেশীয় খাবার আর সুলভ বিনোদনের ছোঁয়ায় বেলাই বিল আজ পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য।
ছুটির দিনে কিংবা সপ্তাহান্তে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিলজুড়ে চলে নৌকাবিহার। ছাউনিবিশিষ্ট রঙিন নৌকাগুলোর ভেতর বসেই উপভোগ করা যায় হালকা খাবার, গান-বাজনা এবং বিলের নির্মল পরিবেশ। এ যেন প্রকৃতির কোলে বসেই বিনোদনের এক অনন্য আয়োজন।
স্থানীয় পর্যটন উদ্যোক্তা শাহেদ সরকার রাকিব ‘মাটির কুটির’ নামে একটি পর্যটন প্রকল্প চালু করেছেন। তিনি বলেন, “আমরা কেবল আনন্দ নয়, পর্যটকদের নিরাপত্তাও নিশ্চিত করতে চাই। তাই লাইফ জ্যাকেট, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নৌকার মান বজায় রাখতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”
পর্যটকদের সেবায় বিলপাড়ে গড়ে তোলা হয়েছে অস্থায়ী ঘাট, রাখা হয়েছে প্রশিক্ষিত গাইড ও সহকারী কর্মী। অনেকেই পরিবার নিয়ে এখানে এসে পিকনিকের মতো দিনভর আয়োজন করে সময় কাটাচ্ছেন।
ঢাকা থেকে বেড়াতে আসা এক পর্যটক বলেন, “এত কাছে এমন একটি সুন্দর জায়গা রয়েছে, তা আগে জানতাম না। এখানে নৌকায় বসে প্রকৃতি দেখা, হাওয়া খাওয়া আর দেশীয় খাবার খাওয়ার অভিজ্ঞতা একেবারেই আলাদা।”
বিলের আশেপাশে গড়ে উঠেছে দেশীয় খাবারের ছোট ছোট কুটির ঘর ও প্যান্ডেল। পুঁটি, কৈ, টেংরা, শিং, রুই-কাতলা প্রভৃতি দেশীয় মাছ, পিঠা-পায়েস, শাক-সবজির স্থানীয় পদসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবার পর্যটকদের বাড়তি আনন্দ দিচ্ছে।
স্থানীয়দের বিশ্বাস, সরকারি সহযোগিতা ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে বেলাই বিল হতে পারে গাজীপুরের অন্যতম টেকসই পর্যটন কেন্দ্র। এতে যেমন বাড়বে আঞ্চলিক অর্থনৈতিক কার্যক্রম, তেমনি সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ।
পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, এখনই সময় বেলাই বিলের সম্ভাবনাকে জাতীয় পর্যটন মানচিত্রে তুলে ধরার। পরিবেশবান্ধব পরিকল্পনার মধ্য দিয়ে এটি গড়ে উঠতে পারে একটি মডেল পর্যটন কেন্দ্র হিসেবে।



