পর্যটন সংবাদ ডেস্ক:গত কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। আজ রবিবার (১৩ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজধানী ঢাকায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এছাড়া দেশের অন্যান্য অঞ্চল সম্পর্কিত এক পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দেশের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এই সময়ে ভ্রমণে বের হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখা উত্তম। পাহাড়ি ও উপকূলীয় অঞ্চলে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস মাথায় রেখে নিরাপদ পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।



