
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আকাশে থাকা অবস্থায় পেছনের একটি চাকা খুলে পড়ার ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। তবে পাইলটের দক্ষতার কারনে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (১৬ মে) দুপুরে বিজি-৪৩৬ ফ্লাইটটি কক্সবাজার থেকে ছেড়ে আসে। উড্ডয়নের কিছু সময় পরেই আকাশে থাকা অবস্থায় বিমানটির পিছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়।
এরপরই ক্যাপ্টেন জামিল বিল্লাহ জরুরি অবতরণের জন্য ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) অবহিত করেন।
বিকেল ২টা ২২ মিনিটে বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিমানে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন। তাদের কেউ আহত হননি এবং সবাই নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে বিমান কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর জানান, ঘটনার তদন্তে বিমানের চিফ অব সেইফটি ক্যাপ্টেন এনাম তালুকদারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফ্লাইটটি ছিল ড্যাশ ৮-৪০০ মডেলের। উড্ডয়নের সময় থেকেই বিমানবন্দরের ফায়ার সার্ভিস ইউনিট সতর্ক অবস্থায় ছিল।
পাইলটের সঠিক সিদ্ধান্ত এবং দক্ষতার কারণে সম্ভাব্য বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।



