
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বান্দরবানে পর্যটকদের জন্য এক নতুন অভিজ্ঞতা যোগ হয়েছে। জেলার বিভিন্ন পর্যটন স্পট ঘুরে বেড়ানোর জন্য উন্নতমানের ছাদখোলা বাস চালু করা হয়েছে। এই বাসে চড়ে পর্যটকরা উন্মুক্ত আকাশের নিচে পাহাড়, নদী, ঝর্ণার মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি আকৃষ্ট হয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক এখানে ভ্রমণ করেন। এই ছাদখোলা বাস সেবার মাধ্যমে পর্যটন শিল্পের আরও বিকাশ হবে বলে আশা করা হচ্ছে।
গত সোমবার (১৮ নভেম্বর) সকালে ছাদখোলা বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও হোটেল হিলভিউ ট্যুরিস্ট বাস এর মালিক কাজল কান্তি দাশ। এই বাসে করে আগত পর্যটকরা নিলাচল, মেঘলা, শৈলপ্রপাত, নীলগীরীসহ বেশ কয়েকটি পর্যটন স্পটে ঘুরে বেড়াতে পারবেন।
আগত পর্যটকরা যাতে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের মাধ্যমে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে পারেন সেই বিষয়টির কথা চিন্তা করেই নিজ উদ্যোগে এই ছাদখোলা বাস চালু করেছেন বলে জানান এর স্বত্বাধিকারী।
এ বিষয়ে ব্যবসায়ী কাজল কান্তি দাশ বলেন, বান্দরবানের সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভ্রমণে আসেন। তারা যেন পরিবার পরিজন নিয়ে আরামদায়ক ভ্রমণের মাধ্যমে বান্দরবানের প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করতে পারেন এ জন্য ছাদখোলা বাসু চালু করা হয়েছে। পর্যটকদের সুবিধার্থে আরও নতুন উদ্যোগ আগামীতেও নেব।



