
উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হযরত খান উল আজম উলুঘ খান ই জাহানের (খান জাহান) প্রতিষ্ঠিত খলিফাতাবাদ রাজ্যের রাজধানী ছিল বাগেরহাট। ১৫’শ শতাব্দীর প্রাচীন রাজ্য ছিল এটি।
প্রাচীন ঐতিহ্যের শহর বাগেরহাটের নাম আসলেই প্রথমে মাথায় আসবে বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ ও খান জাহানের মাজারের কথা। মূল পর্যটন আকর্ষন এ দুই স্পট হলেও এর আশেপাশে ছড়িয়ে আছে আরো বেশ কিছু সমৃদ্ধ দর্শনীয় স্থান। নিজস্ব সংস্কৃতি, চমকপ্রদ খাবার, প্রাকৃতিক সৌন্দর্য ও এক শহরের মধ্যেই খান জাহান আমলের নানা ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান থাকায় ভ্রমণ প্রেমীদের কাছে বাগেরহাট অসাধারণ স্থান।
বাগেরহাটের ঐতিহ্যবাহী ৭টি দর্শনীয় স্থান ঘুরে আসুন-
১. ষাটগম্বুজ মসজিদ:
ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাচীন ও ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন। বাগেরহাট শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই মসজিদটির গায়ে কোন শিলালিপি না থাকায় এর নির্মাণকাল ও নির্মাতার সঠিক তথ্য পাওয়া যায় না। তবে নির্মাণশৈলী দেখে ধারণা করা হয় এটি ১৫শ শতাব্দীতে খান জাহানের আমলে তৈরি। এই মসজিদটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি বাংলার সুলতানি স্থাপত্যশৈলীর একটি চমৎকার নিদর্শন। নাম ষাট গম্বুজ হলেও বাস্তবে মসজিদটির ছাদে ৭৭টি ছোট গম্বুজ এবং কেন্দ্রে চারটি বৃহৎ গম্বুজ সহ মোট ৮১ টি গম্বুজ রয়েছে। মসজিদের অভ্যন্তরীণ কাঠামো অত্যন্ত সুদৃঢ়। ৬০টি পাথরের স্তম্ভের উপর এই মসজিদটি স্বমহিমায় দাঁড়িয়ে আছে।
ষাট গম্বুজ মসজিদের পাশেই রয়েছে ‘ঘোড়া দীঘি’ । জানা যায়, খান জাহান ঘোড়ার পিঠে চড়ে এই দীঘি খননের তদারকি করতেন, সেকারণেই নাম ঘোড়া দীঘি। আবার এমন কথিত রয়েছে যে, একটি ঘোড়ার পিঠে বসে একবার চাবুক মেরেছিলেন খান জাহান। সেই এক চাবুকে ঘোড়া যতদূর দৌড়েছিলো, ততটুকু জায়গায় দীঘি খনন করা হয়। সেকারণেই এই দীঘির নাম হয়েছে ঘোড়া দীঘি। ১৯৮৫ সালে ইউনেস্কো ষাট গম্বুজ মসজিদকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।
ষাট গম্বুজ মসজিদে প্রবেশের সময় দর্শনার্থীদের নির্ধারিত ফি পরিশোধ করে টিকেট সংগ্রহ করতে হয়। প্রাপ্তবয়স্ক দেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য ৩০ টাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ১০ টাকা, বিদেশি পর্যটকদের জন্য ৫০০ টাকা এবং সার্কভুক্ত দেশসমূহের পর্যটকদের জন্য টিকেট মূল্য ২০০ টাকা। এই একই টিকেটে ষাট গম্বুজ মসজিদ সংলগ্ন জাদুঘর পরিদর্শনের সুযোগ রয়েছে। এ জাদুঘরে বর্তমানে খান জাহান সময়কালীন বহু নিদর্শন রয়েছে।
২. সিংগাইর মসজিদ
সিংগাইর মসজিদটি ষাট গম্বুজ মসজিদ থেকে মাত্র ২৫ মিটার দক্ষিণ-পূর্বে, খুলনা-বাগেরহাট মহাসড়কের পাশে সুন্দরঘোনা গ্রামে অবস্থিত। ষাট গম্বুজ মসজিদের ঠিক অপর পাশেই মসজিদটির অবস্থান। মসজিদটিতে একটি মাত্র গম্বুজ রয়েছে। মসজিদের অভ্যন্তরীণ কাঠামোও দৃষ্টিনন্দন। এর মেহরাবগুলিও ষাটগম্বুজের মতোই টেরাকোটায় অলংকৃত। মসজিদের পূর্ব দেয়ালে তিনটি প্রবেশদ্বার এবং পশ্চিম দেয়ালে তিনটি মেহরাব রয়েছে। মসজিদটির দেয়ালগুলো প্রায় ২.১০ মিটার পুরু। সিংগাইর মসজিদটির অন্যান্য সাধারণ বৈশিষ্ট্য ষাট গম্বুজ মসজিদের সাথে সাদৃশ্যপূর্ণ, তবে এর গম্বুজ এবং অলংকৃত মেহরাব অন্যান্য মসজিদ থেকে কিছুটা আলাদা। এই মসজিদে ভ্রমণের জন্য কোন ফি প্রদান করতে হয় না।
৩. বিবি বেগনি মসজিদ
এই মসজিদটি ষাট গম্বুজ মসজিদের পশ্চিমে, ঘোড়া দিঘীর পাড় থেকে সামান্য পশ্চিম দিকে অবস্থিত। এটিও খান জাহান আমলের নির্মিত একটি প্রাচীন মসজিদ। এর চার কোণে রয়েছে চারটি মিনার। মসজিদের গঠনমূলক বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি বৃহৎ গোলাকার গম্বুজ। মসজিদটির অভ্যন্তরীণ নির্মাণ শৈলীও আলাদা। কিবলা দেয়ালের ভেতর তিনটি মিহরাব রয়েছে, যার মধ্যে মাঝেরটি অন্য দুটির তুলনায় বড়।
স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, বিবি বেগনি নামে খান জাহানের একজন পত্নী ছিলেন। তার মৃত্যুর পর কবরের উপরে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটি খান জাহান নিজেই নির্মাণ করিয়েছিলেন বলে ধারণা করা হয়। এই মসজিদটি বর্তমানে একটি জামে মসজিদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। মসজিদটি সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।
৪. চুনাখোলা মসজিদ
চুনাখোলা মসজিদটি ষাট গম্বুজ মসজিদ থেকে প্রায় এক কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। তবে বিবি বেগনি মসজিদ থেকে পায়ে হেঁটে এখানে যেতে সময় লাগে মাত্র ৫ মিনিট। মসজিদটি এক গম্বুজবিশিষ্ট এবং বর্গাকৃতির। চুনাখোলা গ্রামে অবস্থিত হওয়ার কারণে নামকরণ করা হয়েছে চুনাখোলা মসজিদ। মসজিদটি ইটের তৈরি, এবং এর বাইরের প্রতিটি দিকের দৈর্ঘ্য ১২.৫০ মিটার। মসজিদটির দেয়ালগুলি প্রায় ২.১৪ মিটার পুরু, মসজিদটিতে পাঁচটি ধনুকাকৃতির খিলানযুক্ত দরজা রয়েছে। পূর্ব দিকের তিনটি দরজার মধ্যে একটি কিছুটা বড় এবং অন্য দুটির মতো উত্তর ও দক্ষিণ দিকের দরজাগুলি সমান প্রশস্ত। মসজিদের অভ্যন্তরে কিবলা দেয়ালের পাশে তিনটি মিহরাব রয়েছে।চুনাখোলা মসজিদটির ছাদে একটি বিশাল অর্ধগোলাকৃতির গম্বুজ রয়েছে। মসজিদের বাইরের চার কোণে রয়েছে চারটি গোলাকার মিনার। মসজিদের তিনটি কার্নিশ বাঁকানো আকারে নির্মিত। মসজিদে ব্যবহৃত পোড়ামাটির অলঙ্করণে সাধারণত ফুল, লতাপাতা, জালি ডিজাইন ব্যবহার করা হয়েছে।
৫. খান জাহান নির্মিত প্রাচীন রাস্তা
রাস্তাটির অবস্থান বাগেরহাট সদর উপজেলার ষাট গম্বুজ ইউনিয়নের মগরা গ্রামে। ষাট গম্বুজ মসজিদ থেকে প্রায় সাড়ে তিনশ মিটার উত্তর এবং খুলনা-বাগেরহাট মহাসড়ক থেকে প্রায় ৫০০ মিটার উত্তর দিকে রাস্তাটির অবস্থান। বর্তমানে এই রাস্তার বেশিরভাগ অংশ হারিয়ে গেছে, তবে ইট দ্বারা নির্মিত খান জাহানের প্রাচীন রাস্তা এবং সেতুসহ প্রায় এক কিলোমিটার এলাকা এখনও টিকে আছে। এই স্থাপনাও ইউনেস্কোর সাংস্কৃতিক বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে অন্তর্ভুক্ত। ষোড়শ শতাব্দীর পূর্ব পর্যন্ত এই রাস্তাটির অস্তিত্ব ছিল। তবে প্রাকৃতিক কারণে এটি বিলিন হয়ে যায়। ২০১১ সালে বাংলাদেশ সরকার এই প্রাচীন রাস্তাটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে। রাস্তাটি সম্পর্কে তেমন প্রচার না থাকায় এখানে দর্শনার্থীরা আসেন না বললেই চলে।
৬. খান জাহানের বসতভিটা
ষাট গম্বুজ মসজিদ থেকে মাত্র সাড়ে তিনশ মিটার দূরে অবস্থিত খান জাহানের বসতভিটা। খান জাহানের নির্মিত প্রাচীন রাস্তাটিও মূলত এসে এখানেই মিলেছে। এখানে বিশাল একটি স্থাপনার ধ্বংসাবশেষ এখনো মাটির নিচে চাপা পড়ে আছে। ধারণা করা হয়, এখানেই ছিলো খান জাহানের বসতবাড়ি। এছাড়া বেশ কিছু ঢিবি আছে এখানে। সেগুলো মূলত এই প্রসাদেরই ধ্বংসাবশেষ। ২০০১ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রথমবার প্রত্নতাত্ত্বিক খনন শুরু করে এই ঢিবিটিতে। এরপর ২০০৮ থেকে বর্তমান পর্যন্ত মোট ১২টি খননে এখানে প্রাচীন দেয়াল, মেঝে, পয়ঃনিষ্কাশন প্রণালীর নালা, পোড়ামাটির তৈরি পাইপসহ নানা স্থাপত্য নিদর্শন পাওয়া গেছে।
এর মধ্যে রয়েছে প্রদীপদানি, তরবারি, পোড়ামাটির পুঁতি, লাল, কালো ও ধূসর বর্ণের মৃৎপাত্র, প্লেট, গ্লাস, পিরিচ, নল, জালের গুটি, অলংকৃত ইটসহ বিভিন্ন প্রত্নবস্তু। এছাড়া, এখানে পাওয়া স্থাপত্য, মৃৎপাত্র, তৈজসপত্র ও উপকরণের মাধ্যমে প্রমাণিত হয় যে, তখনকার সময়ে এখানে বসবাসকারীদের রুচিবোধ ছিল অত্যন্ত উন্নত। তাদের নির্মাণশৈলী ও শৈল্পিকতার প্রকাশ মেলে এসব নিদর্শনে। খানজাহানের বসতভিটা এখন বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত।
৭. খান জাহানের সমাধিসৌধ কমপ্লেক্স
প্রাচীন খলিফাতাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা হযরত খান জাহান (র) এর মাজারটি ষাট গম্বুজ মসজিদ থেকে আড়াই কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত। এই কমপ্লেক্সটি একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান। প্রায় সারা বছরই এখানে দর্শনার্থীদের ভিড় লেগে থাকে। বছরে দুবার সমাধি কমপ্লেক্সে ওরশ ও বার্ষিক মেলা অনুষ্ঠিত হয়। খান জাহানের সমাধির পশ্চিম দিকে তার প্রধান সহচর মুহাম্মদ তাহিরের সমাধি, এক গম্বুজবিশিষ্ট মসজিদ ও খান জাহানের অন্যান্য উত্তরসূরীদের সমাধি রয়েছে। কমপ্লেক্সটি ৬৭.১ মিটার পূর্ব-পশ্চিম এবং ৬৪.৭ মিটার উত্তর-দক্ষিণ দৈর্ঘ্যবিশিষ্ট বেষ্টনিতে ঘেরা।
খান জাহান আলীর সমাধিসৌধটি বাইরের দিকে ১৩.৭ মিটার এবং ভেতরের দিকে ৯.১ মিটার বিস্তৃত। এটি প্রাচীন ইটের নির্মিত একটি বর্গাকার ভবন, যার চারপাশে চারটি গোলাকার পিলার রয়েছে। খান জাহান আলীর কবরের উপর আরবি ও ফারসি লিপি খোদিত রয়েছে, যদিও অধিকাংশ লেখাই এখন অস্পষ্ট।
কমপ্লেক্সের পাশেই মুহাম্মদ তাহিরের সমাধি, যা তিন স্তরবিশিষ্ট পাথরের স্মৃতিস্তম্ভ। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, তাহির ছিলেন খান জাহানের প্রিয় কর্মকর্তা।
এছাড়া রয়েছে খান জাহানের বার্তাবাহী চারটি পাখির কবর। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমার সময় খান জাহানের মাজারে মেলা ও অগ্রাহায়ন মাসে ওরশ অনুষ্ঠিত হয় এবং লক্ষাধিক লোক তাতে সমবেত হন। এই কমপ্লেক্সে ভ্রমণ করতে কোন প্রকার টিকেট বা অর্থ প্রদান করতে হয় না।



