বাংলাদেশের জন্য নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন

পর্যটন সংবাদ ডেস্ক: ওয়াশিংটন থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের জন্য নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই মনোনয়ন এখনো চূড়ান্ত নয়। মার্কিন সিনেটের অনুমোদন সাপেক্ষে তিনি ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করবেন।

হোয়াইট হাউস জানিয়েছে, মঙ্গলবার ট্রাম্পের প্রেরিত বার্তাটি সিনেটে উপস্থাপন করা হয়েছে। সিনেটের সম্মতি মিললেই রাষ্ট্রদূত নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।

ব্রেন্ট ক্রিস্টেনসেন দীর্ঘদিনের পেশাদার কূটনীতিক। বর্তমানে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরে আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশে তাঁর পূর্ব অভিজ্ঞতাও রয়েছে। ২০১৯ থেকে তিন বছর তিনি ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিভাগের কাউন্সিলর ছিলেন।

এছাড়া ২০২২ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ডে কমান্ডারের বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বৈশ্বিক কৌশলগত প্রতিরোধ মিশনের নীতিগত প্রভাব বিষয়ে তিনি কমান্ডারকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।

গতবছর বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অবসরে যান। এরপর থেকে ট্রেসি অ্যান জ্যাকবসন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন সিনেট অনুমোদনের পর ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেবেন বলে আশা করা হচ্ছে।

Read Previous

পাকিস্তানে একদিনে তিন সন্ত্রাসী হামলা, নিহত অন্তত ২৫

Read Next

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: আপিলের রায় ৪ সেপ্টেম্বর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular