
বিশ্বব্যাপী রয়েছে বাংলাদেশি হাফেজদের আলাদা গুরুত্ব। সব সময় ভিন দেশের মাটিতে বাংলাদেশি হাফেজরা কৃতিত্বের স্বাক্ষর রেখে লাল-সবুজের পতাকাকে সুমন্নত করছেন। এবার সেই ধারাবাহিকতায় সৌদি আরবের জেদ্দা উবহুর কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়িয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশের হাফেজ মুহিব্বুল্লাহ মুজিবী।
নরসিংদীর শিবপুরের সন্তান মাওলানা মুহিব্বুল্লাহ মুজিবী সৌদি আরবের জেদ্দা উবহুর কেন্দ্রীয় মসজিদে ইমাম হিসেবে ও ভিন্নধর্মী হিফজ মাদরাসার দায়িত্বে আছেন।
মুহিব্বুল্লাহ জানান, আলহামদুলিল্লাহ গত বছর ওমরায় এসেছিলাম। হেরেমে ইতিকাফরত ছিলাম। উবহুর মসজিদের যিনি মাসয়ুল আমাদের দেশে কমিটি বলা হয় তিনি আমার সঙ্গে ইতিকাফরত ছিলেন। তিনি আমার তেলাওয়াত শুনে আমাকে মসজিদের জন্য অফার করেন। তারপর আমি রাজি হলে আমাকে ভিসা ও টিকেট দিয়ে দেন।
তিনি আরও জানান,
এখানে খেদমতের অন্যতম একটি দিক হচ্ছে ভিন্নধর্মী হিফজ বিভাগ। আর বাঙালি কিছু মুসল্লি আছে, তাদের আসরের পর তালিম করি।
প্রবাসের মুসলিম কমিউনিটির সাড়া নিয়ে তিনি জানান, আমাদের মসজিদে উন্মুক্ত দীন শিক্ষার মজলিস হয়। এতে বাঙালি কমিউনিটির লোকেরাও বসেন।
মাওলানা মুহিব্বু্ল্লাহ মুজিবী নরসিংদীর শিবপুর উপজেলার যোশর বাজার ইউনিয়নের সৈকারচর গ্রামের মাও. মুজিবুর রহমান কাসেমী রহ ও আলেমা আনোয়ারা বেগম দম্পতির তৃতীয় সন্তান। আট ভাই বোনের মাঝে তিনি তৃতীয়। পাঁচ ভাই সবাই হাফেজ। আর তিন বোন হাফেজা ও আলেমা। মাওলানা মুহিব্বু্ল্লাহ স্বপ্ন দেখেন, দীনের দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দেয়ার।



