১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারির পর দায়িত্ব শেষ, এর আগে জনগণের জন্য কিছু করতে চান অর্থ উপদেষ্টা

পর্যটন সংবাদ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি মাসের পর তাদের দায়িত্ব শেষ হয়ে যাবে। তবে এর আগেই দেশের মানুষের জন্য কিছু করে যেতে চান তারা।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে ট্যাক্স রিপ্রেজেন্টিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআরএমএস) সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

ড. সালেহউদ্দিন বলেন, “আমরা চলে যাওয়ার আগে যদি সামান্য কিছু অবদান রাখতে পারি, সেটিই হবে আমাদের সন্তুষ্টি। মানুষের জন্য কিছুটা হলেও সহজতা আনতে চাই। কারণ, পরে যে সরকার আসবে, তাদের সময় লাগবে সবকিছু বুঝে নিতে।”

কর আইনজীবীদের উদ্দেশে তিনি আরও বলেন, “সেবা খাতে অনেক হয়রানি আছে। মানুষ চায় ভালো সেবা। ভালো সেবার জন্য কেউ কৃপণতা করে না। তাই হয়রানি বন্ধ করে সহজ সেবা দিতে হবে।”

টিআরএমএস সফটওয়্যার পুরোপুরি দেশীয়ভাবে তৈরি হওয়ায় তিনি উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের কাজে বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা কমানো জরুরি। বিদেশি প্রতিষ্ঠানগুলো অনেক সময় তাদের দেশের সরঞ্জাম চাপিয়ে দিতে চায়।”

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান অনুষ্ঠানে জানান, আগামী বছর থেকে কর্পোরেট কর দাখিল পুরোপুরি অনলাইনে বাধ্যতামূলক করা হবে। এছাড়া চলতি বছরই কর অ্যাপস চালু করা হবে। কর ব্যবস্থার ডিজিটালাইজেশন হলে অডিট সিলেকশন ও প্রক্রিয়াও স্বয়ংক্রিয় করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যাক্স লইয়ারস অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট রমিজ উদ্দিন আহমেদ, আইসিএমএবি প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন এবং ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের প্রেসিডেন্ট এম নাসিমূল হাই।

Read Previous

নেপালে দুই দিনের বিক্ষোভে পর্যটন খাতে ২৫ বিলিয়ন রুপির ক্ষতি

Read Next

ছাগলকান্ডের সেই মতিউর ও স্ত্রী লায়লার এক দিনের রিমান্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular